শ্রেণি : ষষ্ঠ || অধ্যায় - ৪
ওয়ার্ড প্রসেসিং
সংক্ষিপ্ত প্রশ্ন
শ্রেণি : ষষ্ঠ || অধ্যায় - ৪
ওয়ার্ড প্রসেসিং
সংক্ষিপ্ত প্রশ্ন
১. ওয়ার্ড প্রসেসর কী? ব্যাখ্যা কর।
উত্তর: লেখালেখি করতে হলেই শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে গোছাতে হয় যা এক ধরনের প্রক্রিয়া বা প্রসেসিং। দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং, আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর।
২. ওয়ার্ড প্রসেসরের মূল উদ্দেশ্য কী?
উত্তর: ওয়ার্ড প্রসেসরের মূল উদ্দেশ্য হলো সহজ এবং সুন্দরভাবে লেখালেখি করা। এটি ব্যবহার করে টেক্সট লেখা, সম্পাদনা এবং বিন্যাস করা যায়। টাইপ রাইটারের তুলনায় এটি অধিক সুবিধাজনক কারণ এতে ভুল সংশোধন করা সহজ। লেখার পাশাপাশি ছবিও যোগ করা যায় এবং ডকুমেন্ট প্রিন্ট করা যায়।
৩. টাইপ রাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্য লেখ।
উত্তর: সাধারণত টাইপ রাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের মূল পার্থক্য হলো টাইপ রাইটারে কিছু একটা লেখার পর ভুল হলে তা শুদ্ধ করতে আবার পুরোটা শুরু থেকে টাইপ করতে হয়। কিন্তু ওয়ার্ড প্রসেসরে সহজে এডিটিং বা পরিবর্তন করা যায়। আবার টাইপ রাইটারে টাইপ করা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয়। অন্যদিকে ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করে একটা ফাইল হিসেবে হার্ডড্রাইভে যত দিন ইচ্ছা সংরক্ষণ করা যায়। দরকার হলে একটা পেনড্রাইভে বা সিডিতে কপি করে রাখা যায়।
৪. টাইপ রাইটারের তুলনায় ওয়ার্ড প্রসেসরের প্রধান সুবিধা কী?
উত্তর: টাইপ রাইটারে ভুল হলে নতুন করে লেখতে হয়, যা সময়সাপেক্ষ। কিন্তু ওয়ার্ড প্রসেসরে ভুল সহজে সংশোধন করা যায়। এ টাইপ রাইটারে একটি নির্দিষ্ট ফন্টে কাজ করতে হয়, কিন্তু ওয়ার্ড প্রসেসরে বিভিন্ন ফন্ট এবং বিন্যাস ব্যবহার করা যায়। এটি খুবই ব্যবহারকারী বান্ধব এবং দ্রুত সম্পাদনা করার সুযোগ দেয়।
৫. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো লিখ।
উত্তর: ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো হলো-
নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়।
নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়।
ডকুমেন্ট সংরক্ষণ করে তা যেকোনো সময় ব্যবহার করা যায়।
একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়।
৬. বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসরের উদাহরণ দাও।
উত্তর: বর্তমানে লেখালেখি কাজের সুবিধার জন্য বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসর পাওয়া যায়। যেমন- Google Docs এবং Office 365 হলো Online ওয়ার্ড প্রসেসর। Microsoft Word ব্যবহার করতে অর্থ দিতে হয়, তবে Libre Office বিনামূল্যে ব্যবহার করা যায়।
৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব লিখ।
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ডকুমেন্ট তৈরি, সম্পাদনা ও বিন্যাসের কাজকে সহজ ও দ্রুততর করে তোলে। পাশাপাশি ডকুমেন্টের নির্ভুলতা ও পেশাদার উপস্থাপনা নিশ্চিত করে। ভুল সংশোধন, ডেটা সংরক্ষণ ও সহজে শেয়ার করা যায় বলে তথ্য ব্যবস্থাপনায়ও ওয়ার্ড প্রসেসর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৮. কম্পিউটার চালু করার পর প্রথমে কী দেখতে পাওয়া যায়?
উত্তর : কম্পিউটার চালু করার জন্য প্রথমে পাওয়ার অন করতে হয় বিদ্যুৎ সংযোগ ঠিকমতো থাকলে অপারেটিং সিস্টেম কাজ শুরু করে। কম্পিউটার কাজ করার জন্য প্রস্তুত হলে মনিটরে অনেকগুলো ছোটো ছবি বা আইকন প্রদর্শিত হয়। আইকনগুলোর সাথে তাদের নাম বা কোনো লেখা থাকে।
৯. মাউস দিয়ে কম্পিউটারে কী কী কাজ করা যায়?
উত্তর: মাউস দিয়ে কম্পিউটারে প্রধানত দুইটি কাজ করা যায়। মাউস নড়িয়ে পয়েন্টারকে যেকোনো আইকনের ওপর এনে কাজ করা যায়। আবার মাউসের বাম/ডান বোতাম এক বা দুইবার ক্লিক করে বিভিন্ন সফটওয়্যার ওপেন করা যায়।
১০. ওয়ার্ড প্রসেসর চালু হলে প্রথম কী দেখা যায়?
উত্তর: ওয়ার্ড প্রসেসর চালু হলে একটি সাদা পৃষ্ঠা দেখা যায়, যার ওপরে একটি খাড়া লাইন (Cursor) জ্বলতে-নিভতে থাকে। এটি ইঙ্গিত দেয় যে লেখালেখি শুরু করার জন্য ওয়ার্ড প্রসেসরটি প্রস্তুত।
১১. নতুন ডকুমেন্ট তৈরি করতে ওয়ার্ড প্রসেসরে কোন কমান্ড ব্যবহার করা হয়?
উত্তর: নতুন ডকুমেন্ট তৈরি করতে ওয়ার্ড প্রসেসরে "File → New" কমান্ড ব্যবহার করা হয়। এটি ক্লিক করলে একটি নতুন খালি ডকুমেন্ট খুলে যায়। নতুন ডকুমেন্টে সহজে লেখা শুরু করা যায় এবং তা পরবর্তীতে সেভ করা যায়। এটি দ্রুত কাজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ অপশন।
১২. কী-বোর্ডে Shift ও Space Bar কী কাজে লাগে?
উত্তর: Shift কী চেপে ধরে লিখলে বড়ো হাতের অক্ষরে লেখা যায়, নয়তো ছোট হাতের অক্ষর টাইপ হয়। একটা শব্দ লেখা শেষ হওয়ার পর Space Bar টিপ দিলে একটা খালি Space লেখা হয়।
১৩.ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট এডিটিং-এ Enter কী চাপলে কী ঘটে?
উত্তর: ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট এডিটিং-এ Enter কী চাপলে কার্সর নতুন লাইনে চলে যায়। এটি প্যারাগ্রাফ শেষ করে নতুন প্যারাগ্রাফ শুরু করার জন্য ব্যবহৃত হয়।
১৪. ওয়ার্ড প্রসেসরে কোনো লেখা মোছার জন্য করণীয় কী?
উত্তর: ওয়ার্ড প্রসেসেরে কোনো ফাইল খোলা অবস্থায় কীবোর্ড থেকে Backspace কী চাপলে কার্সরের আগের অংশ মুছে যায় এবং Delete কী চাপলে কার্সরের পরের অংশ মুছে যায়।
১৫. কম্পিউটারে লেখা কিভাবে 'Save' করতে হয়?
উত্তর: ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামে গিয়ে File মেনুতে ক্লিক করে Save কমান্ডে ক্লিক করতে হয়। একটি ডায়লগ বক্স আসে। সেখানে ফাইলের জন্য একটি নাম টাইপ করে লিখতে হয়। এরপর Save কমান্ডে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যায়।
১৬. কম্পিউটারে কিভাবে পুরাতন ফাইল খুলতে হয়?
উত্তর: ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামে গিয়ে File মেনুতে ক্লিক করে Open কমান্ডে ক্লিক করতে হয়। একটি ডায়লগ বক্স আসে। এখানে যে ফাইলগুলো আগে তৈরি হয়েছে তাদের নামগুলো দেখাবে। সেখান থেকে প্রয়োজনীয় ফাইলের নামটি খুঁজে বের করে তাতে ডাবল ক্লিক করলে ফাইলটি খুলে যাবে।
১৭. ওয়ার্ড প্রসেসর বন্ধ করার সহজ পদ্ধতি কী?
উত্তর: ওয়ার্ড প্রসেসর বন্ধ করার জন্য File মেনুতে ক্লিক করে Exit অপশন বেছে নিতে হয়। এরপর মাউসের কার্সর সেখানে নিয়ে ক্লিক করলেই প্রোগ্রাম বন্ধ হয়ে যায়।