শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ৬
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
জ্ঞান ও অনুধাবন মুলক প্রশ্ন
শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ৬
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
জ্ঞান ও অনুধাবন মুলক প্রশ্ন
জ্ঞান মুলক প্রশ্ন
১. ডেটাবেজ কী?
উত্তর: ডেটাবেজ হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে প্রচুর পরিমাণ তথ্য এক সাথে সংরক্ষণ করা যায়, দরকারি তথ্য বের করা যায়, নতুন তথ্য যোগ করা যায় এবং প্রয়োজনমতো কোনো তথ্য পরিবর্তন, পরিবর্ধন ও মুছে ফেলা যায়।
২. DBMS কী?
উত্তর: ডেটাবেজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ব্যবহৃত প্রোগ্রাম বা সফটওয়্যারই হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System) বা DBMS।
৩. ডেটা কী?
উত্তর: সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং-এ ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বলে।
৪. তথ্য কী?
উত্তর: ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে।
৫. ফিল্ড কী?
উত্তর: ডেটাবেজ টেবিলের প্রতিটি ঘর হচ্ছে একেকটি ফিল্ড।
৬. রেকর্ড কাকে বলে?
উত্তর: পরস্পর সম্পর্কযুক্ত কতকগুলো ডেটা আইটেমকে রেকর্ড বলে। অর্থাৎ কতকগুলো ফিল্ড একত্রে যুক্ত হয়ে রেকর্ড গঠিত হয়। একটি টেবিলের এক একটি সারি হলো এক একটি রেকর্ড।
৭. টেবিল কী?
উত্তর: পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি রেকর্ড নিয়ে গঠিত হয় টেবিল।
৮. SQL এর পূর্ণরূপ কী?
উত্তর: SQL এর পূর্ণরূপ হলো Structured Query Language.
৯. ডেটা টাইপ কী?
উত্তর: ডেটার ধরনকে ডেটা টাইপ বলে।
১০. এনটিটি কী?
উত্তর: কোন ডেটা টেবিল চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেওয়া হয় তাই ডেটার এনটিটি।
১১. অ্যাট্রিবিউট কী?
উত্তর: একটি এনটিটি এর বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত ফিল্ড বা আইটেম বা উপাদান ব্যবহার করা হয় তকে অ্যাট্রিবিউট বলে।
১২. RDBMS কী?
উত্তর: RDBMS হলো ডেটাবেজে বিভিন্ন ডেটা টেবিল তৈরি, নিয়ন্ত্রণ, সম্পর্ক স্থাপন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, অনুসন্ধান প্রভৃতি কাজের জন্য সফটওয়্যার নির্ভর ব্যবস্থাপনা পদ্ধতি।
১৩. রিলেশনাল ডেটাবেজ কী?
উত্তর: ফাইলগুলোকে শুধুমাত্র রেকর্ডের তালিকায় সারি ও কলাম বিশিষ্ট টেবিলে বিবেচনা করা হয়। এ ধরনের ডেটাবেজকে রিলেশনাল ডেটাবেজ বলে।
১৪. ফরম কী?
উত্তর: ফরম এক ধরনের অবজেক্ট যা প্রাথমিকভাবে ডেটাবেজে কোনো ইনপুট বা ডেটা প্রদর্শনের ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়।
১৫. কি ফিল্ড কী?
উত্তর: যে একটি ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক ইত্যাদি কাজগুলো করা হয় সেই ফিন্ডকে কি ফিল্ড বলে।
১৬. প্রাইমারি কি (primary key) কী?
উত্তর: প্রাইমারি কি হচ্ছে একটি টেবিলের নির্দিষ্ট কলাম, যেটি দিয়ে প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে চিহ্নিত করা যায়।
১৭. ফরেন কি কাকে বলে?
উত্তর: একটি টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যখন ব্যবহার করা হয়, তখন সেই টেবিলে সেই কি-কে ফরেন কি বলা হয়।
১৮. কম্পোজিট প্রাইমারি কি বলতে কী বুঝ?
উত্তর: যখন একাধিক কলাম মিলে প্রাইমারি কি তৈরি হয়, তখন তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি।
১৯. ডেটাবেজ রিলেশন কী?
উত্তর: একটি ডেটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্যে সম্পর্কই হলো ডেটাবেজ রিলেশন।
২০. ওয়ান টু ওয়ান রিলেশন কী?
উত্তর: ডেটাবেজের একটি টেবিলের একটি রো এর সঙ্গে অন্য টেবিলের একটিমাত্র রো-এর সঙ্কো সম্পর্ক খুঁজে পাওয়া গেলে তাই ওয়ান টু ওয়ান রিলেশন।
২১. ওয়ান টু মেনি রিলেশন কাকে বলে?
উত্তর: যখন দুটি টেবিল এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে প্রথম টেবিলের একটি রো-এর সঙ্গে দ্বিতীয় টেবিলের একাধিক রো-এর সম্পর্ক থাকে, তখন এ ধরনের সম্পর্ককে ওয়ান টু মেনি রিলেশন বলে।
২২. মেনি টু মেনি রিলেশন কী?
উত্তর: যখন দুটি টেবিল এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে, প্রথম টেবিলের একটি রো, দ্বিতীয় টেবিলের একাধিক রো-এর সাথে সম্পর্কযুক্ত, আবার দ্বিতীয় টেবিলের একটি রো, প্রথম টেবিলের একাধিক রো-এর সাথে সম্পর্কযুক্ত হয়, তখন তাদের মধ্যকার সম্পর্ককে বলা হয় মেনি টু মেনি রিলেশন।
২৩. জাংশন টেবিল কী?
উত্তর: দুটি টেবিলের মধ্যে যখন উভয়পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন তাদের মধ্যে Many to Many রিলেশন প্রতিষ্ঠা করা যায়। এ রকম রিলেশন তৈরির ক্ষেত্রে তৃতীয় আরেকটি ডেটা টেবিল তৈরি করতে হয় যা জাংশন টেবিল নামে পরিচিত।
২৪. কুয়েরি ল্যাঙ্গুয়েজ কী?
উত্তর: যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেজ থেকে শর্তসাপেক্ষে নির্দিষ্ট ডেটাকে খুঁজে বের করে Insert, Delete, Modify ইত্যাদি করা যায় সে ল্যাঙ্গুয়েজকে কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়।
২৫. SQL কী?
উত্তর: এসকিউএল (SQL- Structured Query Language) হলো এক ধরনের প্রোগ্রামিং ভাষা, যার সাহায্যে ডেটাবেজে তথ্য লেখা, পড়া, পরিবর্তন করা ও অন্যান্য কাজ করা যায়।
২৬. ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ (DDL) কী?
উত্তর: ডেটাবেজের টেবিল তৈরি করা, টেবিল মুছে ফেলা, ইনডেক্স তৈরি করা ইত্যাদি কাজ করার জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা হলো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ।
২৭. ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ (DML) কী?
উত্তর: ডেটাবেজ টেবিলের ডেটার ওপর বিভিন্ন ধরনের কুয়েরি চালানো, যেমন- ডেটা পড়া, ডেটা পরিবর্তন করা, ডেটা মুছে ফেলা ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত ভাষা হলো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ।
২৮. সর্টিং কী?
উত্তর: সর্টিং হলো ডেটা টেবিলের রেকর্ডগুলোকে একটি নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো।
২৯. ইনডেক্সিং কী?
উত্তর: ইনডেক্সিং হলো একটি বিশেষ পদ্ধতি, যার দ্বারা ডেটা সহজে ও দ্রুত খুঁজে পাওয়া যায়।
৩০. ডেটা সিকিউরিটি কী?
উত্তর: ডেটা যেন হারিয়ে না যায় বা লস না ঘটে কিংবা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা সিস্টেম যেন ডেটা দেখতে বা পরিবর্তন করতে না পারে, সে জন্য ডেটাবেজে যে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাই ডেটা সিকিউরিটি।
৩১. ডেটা এনক্রিপশন কী?
উত্তর: মেমোরিতে ডেটা সংরক্ষণ কিংবা নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করার সময় ডেটার গোপনীয়তা রক্ষার্থে গৃহীত পদ্ধতিই ডেটা এনক্রিপশন।
৩২. প্লেইন টেক্সট কী?
উত্তর: মূল ডেটাকে বলা হয় প্লেইন টেক্সট।
৩৩. সাইফার টেক্সট কী?
উত্তর: এনক্রিপ্ট করার পরের ডেটা যা সাধারণের পাঠযোগ্যরূপে থাকে না তাই সাইফার টেক্সট।
৩৪. Cryptography কী?
উত্তর: কম্পিউটার বিজ্ঞানের যেই শাখায় ডেটা এনক্রিপশন নিয়ে গবেষণা ও কাজ করা হয়, তাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি।
৩৫. সিজার কোড কী?
উত্তর: কোনো অক্ষরকে তার পরবর্তী তৃতীয় অক্ষর দ্বারা প্রতিস্থাপন করে যে কোড করা হয় তাকে সিজার কোড বলে।
৩৬. কর্পোরেট ডেটাবেজ কী?
উত্তর: আন্তঃযোগাযোগ ব্যবস্থার জন্য বড় বড় প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক, বীমা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এক ধরনের ডেটাবেজ সফটওয়ার ব্যবহার করে। সেই ডেটাবেজকে কর্পোরেট ডেটাবেজ বলে।
৩৭. ওয়েব এনাবন্ড ডেটাবেজ কী?
উত্তর: ওয়েব এনাবল্ড ডেটাবেজ বলতে এমন একটি ডেটাবেজ সিস্টেমকে বোঝানো হয়, যা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস এবং পরিচালনা করা যায়।
৩৮. ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কী?
উত্তর: যে ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের ডেটাবেজ পরিচালনা, নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থাপনামূলক কাজ করে তাই ডেটাবেজ অ্যাডমিনেস্ট্রেটর।
অনুধাবন মুলক প্রশ্ন
১. Action query ব্যাখ্যা কর।
উত্তর: ডেটা টেবিলের ডেটা বা তথ্যকে পরিবর্তন করার জন্য যে কুয়েরি ব্যবহৃত হয়, তাকে অ্যাকশন কুয়েরি বলে।' এ ধরনের কুয়েরির সাহায্যে নির্দিষ্ট কোনো ডেটা মুছে ফেলা, ফিল্ডের মান পরিবর্তন বা আপডেট, নতুন টেবিল তৈরি ইত্যাদি কাজ করা হয়। সাধারণত চার ধরনের অ্যাকশন কুয়েরি রয়েছে। যথা-
Delete Query
Update Query
Append Query,
Make Table Query.
২. কোন ধরনের রিলেশনে তৃতীয় টেবিলের প্রয়োজন হয়- ব্যাখ্যা কর।
উত্তর: Many to Many রিলেশনের জন্য তৃতীয় টেবিলের প্রয়োজন হয়। যদি কোনো ডেটাবেজের মধ্যে প্রথম টেবিলের একটি রো দ্বিতীয় টেবিলের একাধিক রো-এর সঙ্গে সম্পর্কযুক্ত, আবার দ্বিতীয় টেবিলের একটি রো, প্রথম টেবিলের একাধিক রো-এর সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তখন তাদের মধ্যকার সম্পর্ককে বলা হয় Many to Many রিলেশন। Many to Many রিলেশন তৈরি করার জন্য তৃতীয় আর একটি টেবিলের প্রয়োজন হয়। এ তৃতীয় টেবিলটিকে জাংশন টেবিল বলা হয়।
৩. নতুন ডেটাবেজ কীভাবে তৈরি করবে?
উত্তর: নিম্নলিখিত উপায়ে নতুন ডেটাবেজ তৈরি করা যায়-
Start > Programs or All Programs > Microsoft Office > Microsoft Office Access 2007 > নির্দেশ দিয়ে Ms-Access প্রোগ্রাম চালু করতে হবে।
Microsoft Office Button> New> Blank Database আইকনে ক্লিক করতে হবে।
File Name বক্সে ডেটাবেজের Default নামের পরিবর্তে নিজস্ব পছন্দ অনুসারে যেকোনো নাম যেমন Star লিখে Create বাটনে ক্লিক করতে হবে। ফলে Star নামে একটি ডেটাবেজ তৈরি হবে।
৪. কম্পোজিট প্রাইমারি কী ফিন্ড কেন ব্যবহার করা হয়- ব্যাখ্যা কর।
উত্তর: যখন একাধিক কলাম মিলে প্রাইমারি কি তৈরি হয়, তখন তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। কখনো কখনো একটি ফিল্ড নিয়ে প্রাইমারি কি গঠন করা বা রেকর্ড শনাক্ত করা সম্ভব হয় না। এ ধরনের ক্ষেত্রে কম্পোজিট প্রাইমারি কি ব্যবহার করা হয়।
৫. One to One রিলেশন তৈরি করার শর্তসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: একটি টেবিলের এক একটি সারি হলো এক একটি রেকর্ড। One to One রিলেশন তৈরি করার শর্তসমূহ হলো-
একটি কমন ফিল্ড থাকতে হবে এবং কম ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ ইত্যাদি একই হতে হবে।
একটি ফিল্ডকে প্রাইমারি কি ফিল্ড হিসেবে থাকতে হবে এবং ফিল্ডের তথ্য ইউনিক হতে হবে এবং একই থাকতে হবে।
টেবিল/ফাইলগুলো একই সময় খোলা থাকতে হবে।
৬. SQL কতকগুলো স্টেটমেন্টের সমষ্টি- ব্যাখ্যা কর।
উত্তর: SQL হচ্ছে একটি শক্তিশালী ডেটা ম্যানিপুলেশন ল্যাংগুয়েজ SQL বিভিন্ন ধরনের সিনট্যাক্স নিয়ে গঠিত। যেমন- SQL select সিনটেক্স, SQL from সিনটেক্স, SQL where সিনটেক্স। তাই SQL কে কতকগুলো স্টেটমেন্টের সমন্টি বলা হয়।
৭. একটি ডেটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের সম্পর্ক কেমন? ব্যাখ্যা কর।
উত্তর: একটি ডেটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেজের রিলেশন বলে। সাধারণত একই জাতীয় ডেটাসমূহের সমন্বয়ে একাধিক ডেটাবেজ তৈরি হয়। পরবর্তীতে একাধিক ডেটাবেজ থেকে ডেটা নিয়ে কাজ করার প্রয়োজন হলে ডেটাবেজসমূহের মধ্যে লিংক স্থাপন করে।
৮. Currency ফিল্ড কেন ব্যবহার করা হয়?
উত্তর: শুধুমাত্র মুদ্রা বা টাকা সংক্রান্ত ডেটা এন্ট্রি করার জন্য Currency টাইপ নির্বাচন করতে হয়। এ জাতীয় ডেটার পূর্ণ গাণিতিক হিসাব সম্ভব। এ ফিল্ডের জন্য ৪ বাইট জায়গার প্রয়োজন হয়।
৯. নতুন টেবিল তৈরির SQL কমান্ড ব্যাখ্যা কর।
উত্তর: নতুন টেবিল তৈরির SQL কমান্ডটি হচ্ছে
CREATE TABLE student (Name Text Roll Integer Marks Real )
১০. কী নিয়ে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম গঠিত হয়?
উত্তর: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে। এটি একটি জটিল সফটওয়্যার যা ডেটা নিয়ন্ত্রণ, সংরক্ষণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। অনেকগুলো কম্পিউটার প্রোগ্রামের সমন্বয়ে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম গঠিত।
১১. DML কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: ডেটাবেজের সকল তথ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে ডেটা ম্যানিপুলেশন ল্যাংগুয়েজ (DML) বলে। DML এর সাহায্যে ডেটাবেজ থেকে কোনো ডেটা রিট্রিভ অথবা ডেটাবেজে নতুন কোনো ডেটা অন্তর্ভুক্ত করা, ডেটা মুছে ফেলা অথবা মডিফাই ইত্যাদি করা সম্ভব। DML এর কমান্ডগুলো হলো INSERT, DELETE, UPDATE, OPEN, CLOSE, FIND, MODIFY, INDEX, STORE |
১২. 'প্রত্যেকটি অ্যাট্রিবিউট এর যে মান থাকে তা হলো ভ্যালু'- ব্যাখ্যা কর।
উত্তর: প্রত্যেকটি এট্রিবিউট এর যে মান থাকে তা হলো ভ্যালু। একটি এনটিটি এর বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্যা ফিল্ড বা আইটেম ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। আর অ্যাট্রিবিউটের যে মানগুলো থাকে তাকে বলা হয় অ্যাট্রিবিউটের ভ্যালু। যেমন: নাম অ্যাট্রিবিউট এর ভ্যালু হচ্ছে জাভেদ আহমেদ। কাজে যোগদানের তারিখ অ্যাট্রিবিউট এর ভ্যালু হচ্ছে 05/03/09.
১৩. "সর্টিং ও ইনডেক্সিং এক নয়"- ব্যাখ্যা কর।
উত্তর: সর্টিং ও ইনডেক্সিং এক নয়। কারণ সর্টিং পদ্ধতিতে ডেটা ফাইলকে সর্ট করা হলে মূল ডেটা ফাইলের রেকর্ডটির ক্রমিক নং পরিবর্তন হয়। কিন্তু ইনডেক্সিং রেকর্ডের ক্রমিক নং অপরিবর্তিত থাকে। এছাড়াও ডেটাবেজ কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে সর্ট করা ফাইল আপডেট হয় না, কিন্তু ইনডেক্সিং-এ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। তাই সর্টিং ও ইনডেক্সিং এক নয়।
১৪. ডেটাবেজ ইনডেক্স ফাইল সয়ংক্রিয়ভাবে আপডেট হয় - বুঝিয়ে লিখ।
উত্তর: ডেটাবেজ থেকে ব্যবহারকারী কোনো ডেটা যাতে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে সেজন্য ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজিয়ে রাখা হয়। ইনডেক্সিং হলো একটি বিশেষ পদ্ধতি, যার দ্বারা ডেটা সহজে ও দ্রুত খুঁজে পাওয়া যায়। ইনডেক্স ফাইল মূল ডেটাবেজ ফাইলের কোনোরূপ পরিবর্তন না করে Alphabetically বা Numerically এবং আরোহী বা অবরোহী অনুসারে ক্রমানুযায়ী বিভিন্নভাবে সাজানো যায়। ইনডেক্স করার পরে ডেটাবেজ ফাইলে নতুন কোনো রেকর্ড ইনপুট করা হলেও ইনডেক্স ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। এতে মূল ফাইলের কোনো পরিবর্তন হয় না।
১৫. SQL- কে ডেটাবেজের হাতিয়ার বলা হয় কেন?
উত্তর: SQL এর পূর্ণনাম Structured Query Language. SQL একটি শক্তিশালী ডেটা ম্যানিপুলেশন, ডেটা ডেফিনিশন, ট্রানজেকশন, কন্ট্রোল, ডেটা কন্ট্রোল। SQL ডেটাবেজ, টেবিল, ভিউ, ইনডেক্স তৈরিতে ব্যবহৃত হয়। SQL বিভিন্ন শ্রেণির কার্য সম্পাদনের জন্য ব্যবহৃত হয় তা হলো- ডেটা কুয়েরি করা, ডেটা সন্নিবেশ করা, পরিবর্তন ও মুছে ফেলা, ডেটাবেজে অবজেক্ট (টেবিল, ভিউ, ইনডেক্স, সিকুয়েন্স) তৈরি করা, সংশোধন ও মুছে ফেলা, ইউজার একসেস নিয়ন্ত্রণ করা, ডেটাবেজ consistency' এর নিশ্চয়তা প্রদান করা। এজন্য SQL কে ডেটাবেজের হাতিয়ার বলা হয়।
১৬. ডেটাবেজে সর্বোময় কর্তার (ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর) ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: যে ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের ডেটাবেজ পরিচালনা, নিয়ন্ত্রণ - ইত্যাদি ব্যবস্থাপনামূলক কাজ করে তাকে ডেটাবেজ অ্যাডমিনেস্ট্রেটর বলে। ডেটাবেজে সর্বময় কর্তারা সর্বোচ্চস্তরের = ব্যবহারকারী যারা ডেটাবেজের সাথে অধিক পরিচিত এবং যারা - ডেটাবেজ তৈরি, পরিবর্তন, পরিবর্ধন এবং নিয়ন্ত্রণ করে থাকে। - ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের প্রশাসনিক ও কারিগরি দক্ষতার উপর
১৭. কুয়েরি কমান্ড "Select Roll, Name From Students,"- ব্যাখ্যা কর।
উত্তর: Select Roll, Name FROM students; কুয়েরি কমান্ডটি লিখলে নিম্নরূপ ফলাফল পাওয়া যাবে- Roll Name অর্থাৎ উপরোক্ত কুয়েরি লিখলে student টেবিলের Roll ও Name ফিল্ডটি প্রদর্শিত হবে।
১৮. "ডেটাবেজের কল্যাণে আজ ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণ করা সম্ভব হচ্ছে"-ব্যাখ্যা কর।
উত্তর: কোন শিক্ষা প্রতিষ্ঠান ডেটাবেজের মাধ্যমে তথা তাদের ওয়েবসাইটে সকল তথ্য দেয়া থাকে। তাদের ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে সকল তথ্য। তাই কোনো কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে, তাদের ওয়েবসাইটে
প্রবেশ করে ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণ করা সম্ভব হয়েছে ডেটাবেজের এর কল্যাণে।
১৯. ডেটাবেজ কেন ইনডেক্সিং করা হয়- ব্যাখ্যা কর।
উত্তর: ইনডেক্সিং হচ্ছে একটি বিশেষ পদ্ধতি, যার দ্বারা ডেটা সহজে ও দ্রুত খুঁজে পাওয়া যায়। ডেটাবেজ টেবিলের কোনো বিশেষ কলামের ওপর ইনডেক্স তৈরি করলে সেই কলামের মান দিয়ে ডেটা খুঁজলে ডেটাবেজ সফটওয়্যার খুব দ্রুত সেটি বের করে দিতে পারে। ইনডেক্স তৈরি করলে কলামের ওপর নির্ভর করে ডেটা খুঁজে পেতে যেমন সহজ হয় তেমনি যে কলামের উপর ইনডেক্স করা হয়েছে সেটি অনুসারে সর্ট করলেও সর্ট করার কাজটি দ্রুত হয়। এ কারণে ডেটাবেজে ইনডেক্স তৈরি করা হয়।
২০. "প্রাইমারি কি ও ফরেন কি এক নয়?- ব্যাখ্যা কর।
উত্তর: প্রাইমারি কি হচ্ছে একটি টেবিলের নির্দিষ্ট কলাম, যেটি দিয়ে প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। কিন্তু যখন একটি টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে ব্যবহার করা হয়, তখন সেই টেবিলে সেই কি- কে ফরেন কি বলা হয়। তাই প্রাইমারি কি ও ফরেন কি এক নয়।
২১. বড় বড় প্রতিষ্ঠানের ডেটাবেজ কী? ব্যাখ্যা কর।
উত্তর: আন্তঃযোগাযোগ ব্যবস্থার জন্য বড় বড় প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক, বীমা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এক ধরনের ডেটাবেজ সফটওয়ার ব্যবহার করে। সেই ডেটাবেজকে কর্পোরেট ডেটাবেজ বলে। কর্পোরেট ডেটাবেজ ইন্টারনেট ভিত্তিক। ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে কর্পোরেট ডেটাবেজ ব্যবহার করা হয়। অনেক বিল্টইন কর্পোরেট ডেটাবেজ ডিজাইন করা থাকে যেগুলো বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বাণিজ্যিকভাবে ব্যবহার করে। এর মাধ্যমে একটি কোম্পানি বিভিন্ন দেশে অবস্থিত শাখা অফিসগুলোর সাথে তাদের কর্পোরেট লেনদেন করে থাকে।
২২. ডেটাবেজ রিলেশন তৈরির দুটি শর্ত লিখ।
উত্তর: দুই বা ততোধিক ডেটাবেজের টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করতে দুটি শর্ত হলো-
দুটি টেবিল একসাথে খোলা থাকতে হবে। রিলেশন ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে এবং প্রাইমারি কী ফিল্ড ও ফরেন কী ফিল্ড হিসেবে নির্বাচিত ফিল্ডের তথ্য অবশ্যই অদ্বিতীয়-বা ইউনিক হতে হবে।
কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ, ফরম্যাট ইত্যাদি একই হতে হবে এবং একই সময় টেবিল দুটি খোলা থাকতে হবে।
২৩. ডেটার নিরাপত্তায় এনক্রিপশন কার্যকরী পদ্ধতি- কথাটি ব্যাখ্যা কর।
উত্তর: সিকিউরিটির জন্য বিশেষ ধরনের কোড হিসেবে ডেটা এনক্রিপশন ব্যবহার করা হয়। অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহার থেকে ডেটাকে ডেটা এনক্রিপশন নিরাপদ রাখে। প্লেইন টেক্সট (এনক্রিপ্ট করার পূর্বের মেসেজ) যা মানুষের পাঠযোগ্যরূপে থাকে। অপরপক্ষে সাইফারটেক্সট (এনক্রিপ্ট করার পরের মেসেজ) যা মানুষের পাঠযোগ্যরূপে থাকে না। ডেটা এনক্রিপশন করা হলে সাধারণত অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ডেটা ব্যবহার করতে পারে না। এসব কারণে ডেটাবেজ নিরাপত্তায় এনক্রিপশন কার্যকরী পদ্ধতি।
২৪. গোপনীয়তাই ডেটার নিরাপত্তার প্রধান হাতিয়ার- ব্যাখ্যা কর।
উত্তর: ডেটা যেকোনো প্রতিষ্ঠানের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে অনধিকারী ব্যক্তি কর্তৃক গোপনীয় ডেটার ব্যবহার অনুমোদিত হওয়া উচিত নয়। ইন্টারনেটের মাধ্যমে গোপনীয় বার্তা অথবা লেনদেন সংক্রান্ত তথ্য পাঠানোর সময় অনধিকার প্রবেশকারী এসব বার্তা বা তথ্য পরিবর্তন, পরিবর্ধন বা সংযোজনের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। এসব সমস্যা প্রতিরোধের জন্য গোপনীয়তাই ডেটা নিরাপত্তার প্রধান হাতিয়ার।
২৫. SQL-কে ডেটাবেজের অন্যতম হাতিয়ার বলার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: SQL এর পূর্ণনাম Structured Query Language. SQL একটি শক্তিশালী ডেটা ম্যানিপুলেশন, ডেটা ডেফিনিশন, ট্রানজেকশন, কন্ট্রোল, ডেটা কন্ট্রোল। SQL ডেটাবেজ, টেবিল, ভিউ, ইনডেক্স তৈরিতে ব্যবহৃত হয়। SQL বিভিন্ন শ্রেণির কার্যসম্পাদনের জন্য ব্যবহৃত হয়, ডেটা কুয়েরি করা, ডেটা সন্নিবেশ করা, পরিবর্তন ও মুছে ফেলা, ডেটাবেসে অবজেক্ট (টেবিল, ভিউ, ইনডেক্স, সিকুয়েন্স) তৈরি করা, সংশোধন ও মুছে ফেলা, ইউজার একসেস নিয়ন্ত্রণ করা, ডেটাবেস consistency এর নিশ্চয়তা প্রদান করা। এজন্য SQL কে ডেটাবেজের হাতিয়ার বলা হয়।
২৬. 'প্রাইমারি কি ও ফরেন কি এক নয়' ব্যাখ্যা কর।
উত্তর: প্রাইমারি কি হচ্ছে একটি টেবিলের নির্দিষ্ট কলাম, যেটি দিয়ে প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। অন্যদিকে একটি টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যখন ব্যবহার করা হয়, তখন সেই টেবিলে সেই কিকে ফরেন কি বলা হয়। তাই ডেটাবেজে প্রাইমারি কি ও ফরেন কি এক নয়।
২৭. কুয়েরি কমান্ডের অন্যতম কাজটি ব্যাখ্যা কর।
উত্তর: একটি ডেটাবেজে শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজ করা হয় বিভিন্ন কুয়েরির মাধ্যমে। তবে এর প্রধান কাজ হলো ডেটাবেজ থেকে সঠিক এবং নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা অথবা রিপোর্ট তৈরি করা। ডেটাবেজে যেকোনো ধরনের শর্তযুক্ত তথ্য খোঁজা কিংবা তথ্য হালনাগাদকরণে কুয়েরি কমান্ড ব্যবহার করা হয়।
২৮. জাতীয় পরিচয়পত্রের তথ্য সংবলিত ডেটাবেজের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: জাতীয় পরিচয় পত্রের তথ্য সংবলিত ডেটাবেজটি একটি রিলেশনাল ডেটাবেজ, যেখানে প্রত্যেক ব্যক্তির একটি করে মৌলিক পরিচয় পত্র নম্বর থাকে যা ডেটাবেজে প্রাইমারি কি হিসেবে কাজ করে। এছাড়াও ব্যক্তির - নাম, পরিচয়, ঠিকানা এবং ব্যক্তিগত তথ্য সংবলিত আরও অনেক ডেটাটেবিল ডেটাবেজে থাকে যা একে অপরের সাথে সম্পর্কযুক্ত।
২৯. DBMS এর ২টি সুবিধা লেখ।
উত্তর: DBMS এর ২টি সুবিধা হলো-
ডেটাবেজ অ্যাডমিনেস্ট্রেটরের অধীনে সব ডেটা সঠিকভাবে রাখা যায় এবং সমস্ত ডেটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়।
একই ডেটা বারবার ব্যবহৃত হয় না, ফলে স্টোরেজ ডিভাইসে জায়গা কম লাগে।
৩০. "মেমো" ডেটা টাইপ কেন ব্যবহার করা হয়?
উত্তর: বর্ণনামূলক লেখা বা বর্ণনার জন্য ডেটা টাইপের (Memo) ব্যবহার করা হয়। এ ফিল্ডের জন্য 65536 টি অক্ষর (বর্ণ, সংখ্যা, চিহ্ন, তারিখ ইত্যাদি) লেখা যায়। সাধারণত মন্তব্য লেখার জন্য ঐ ফিল্ডের ডেটা টাইপ মেমো ব্যবহার করা হয়।
৩১. ফিল্ড ও রেকর্ডের পার্থক্য দেখাও।
উত্তর: ফিল্ড ও রেকর্ডের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:
ফিল্ড
ফিল্ড হলো ডেটা টেবিলের কলাম নাম। সবগুলো কলামের এক সারি ডেটা।
একটি ডেটা টেবিলের ফিল্ডের নাম একক থাকে।
রেকর্ড
রেকর্ড হলো ডেটা টেবিলের
একটি রো এর বিভিন্ন ফিল্ডের ডেটা একই রকম হতে পারে।
৩২. RDBMS এর দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: RDBMS এর দুটি বৈশিষ্ট্য হলো-
একটি রিলেশনাল ডেটাবেজ সিস্টেম কেবল বিভিন্ন টেবিল ও তাদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করেই সব ধরনের কাজ করতে পারবে। ডেটাবেজের সমস্ত ডেটা টেবিলে সংরক্ষিত হবে। যে কোনো ডেটাই কোনো একটি টেবিলের একটি ঘরের মান হিসেবে প্রকাশিত হবে।
ডেটাবেজে এক বা একাধিক রো ইনসার্ট, আপডেট ও ডিলিট করার ব্যবস্থা থাকতে হবে।