বোরহানি থেকে প্রোবায়োটিক: দেশীয় ফারমেন্টেড পানীয়ের সম্ভাবনা


প্রোবায়োটিক নিয়ে আমাদের প্রোজেক্টেটির শুরু প্রায় বছর চারেক আগে। উদ্দেশ্য ছিলো সচরাচর খাওয়া হয় এমন দেশীয় বেভারেজ থেকে ভালো ভালো প্রোবায়োটিক স্ট্রেনগুলো খুঁজে বের করে সেগুলোকে ফাংশনাল ফুড আর স্টার্টার কালচার তৈরিতে ব্যবহারের উপযোগিতা যাচাই করা। নানাদিক বিবেচনায় প্রাথমিকভাবে যে বেভারেজটি আমদের কাছে সবচাইতে বেশি সম্ভাবনাময় মনে হল সেটি ছিল বোরহানি। বাংলাদেশ তো বটেই সমগ্র উপমহাদেশেই, বিশেষ করে চট্টগ্রাম আর ঢাকায় বোরহানি খুবই জনপ্রিয় পানীয়। বিশেষ করে মেজবানিতে তো থাকা লাগবেই! স্বাদের পাশাপাশি হজম আর স্বাস্থ্যের জন্যও এটি অত্যন্ত উপকারী বলে সবাই মনে করে। বোরহানির এই যে উপকারিতা, তার জন্য অণুজীবেরও কিছু ভূমিকা আছে বলে আমাদের ধারনা! আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বোরহানি তৈরিতে দুগ্ধজাত আর উদ্ভিজ্জ, দুই ধরনেরই বিভিন্ন উপাদান, কয়েক ধরণের মসলা ইত্যাদি নানা উপকরণ ব্যবহার করা হয় যেগুলোর প্রত্যেকটি-ই প্রোবায়োটিক স্ট্রেনের ভালো উৎস হতে পারে।