Illuminating Bangladesh through Skills
SICIP-BACCO Program সম্পর্কে
বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতামূলক প্রেক্ষাপটে দক্ষ ও কর্ম-উপযোগী জনশক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) দীর্ঘদিন ধরে শিল্প-চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
এরই ধারাবাহিকতায়, ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে SICIP এবং Bangladesh Association of Contact Center & Outsourcing (BACCO)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় Business Process Outsourcing (BPO), Information Technology (IT) এবং Information Technology Enabled Services (ITES) খাতের জন্য দক্ষ জনবল তৈরির লক্ষ্যে SICIP-BACCO Program বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পটি ২০২৮ সাল পর্যন্ত পরিচালিত হবে। এ সময়ে দেশের ১৫টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ১০,০০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে কমপক্ষে ৬৫% কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তত ৩০% প্রশিক্ষণার্থী নারী অন্তর্ভুক্ত করা হবে। তাছাড়া নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হবে।
এই কর্মসূচির আওতায় ৮টি শিল্প-চাহিদাভিত্তিক বিশেষায়িত কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীদের আধুনিক ও কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে দেশের তরুণদের কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে SICIP-BACCO Program।