— রাহুল · ১১/১১/২০১৫
কলকাতায় রাত নামছে এগারোটা বাজে
সঞ্জনা ব্যাস্ত এখন খাতা দেখার কাজে
বাচ্ছাগুলো কি যে লেখে পড়ে আর হাসে
ওদের নিয়েই কাটছে জীবন আনন্দে উচ্ছাসে
মাঝে মাঝে ফোনটা দেখে নাহ আজকে থাক
ও নিশ্চয়ই ব্যাস্ত এখন খেতে যাওয়া যাক
অর্ণব ফিরছে অফিস থেকে জায়গা বাঙ্গালোর
উইন্ডস্ক্রীনে তুমুল বৃষ্টি রেডিওয় কিশোর
ফোনটা ওর সুইচড অফ নেই আর পিছুটান
ঝমঝমাঝম বৃষ্টিতে বারছে আভিমান …..
মুম্বাইতেও বৃষ্টি এল রিয়ার মনটা খুশি
ল্যাপটপেতে স্কাইপ খোলা কোলের ওপর লুসি
প্রমোশানের খবর আছে উফ দারুন ব্যাপার
ভাবছে ওকে বিয়ের কথাটা বলেই ফেলবে এবার
চেন্নাইতে বারোটা বাজে রাস্তাঘাট ফাঁকা
চাকরিটা আজ ছেড়ে দিয়েছে ,দীপ রাস্তায় একা
কি করে যে বলবে ওকে একটু সময় চায়
ওর যে নিজেরও স্বপ্ন আছে ভুলেই গেছিলো প্রায়
চারটে শহর চারজন জেগে অদ্ভুত এক ব্যাঞ্জনা
ফোন বাজছে তাকালো দীপ
ফোন করেছে সঞ্জনা …
— রাহুল · ২০/০১/২০১৭
খামখেয়ালি কলমে আজ লিখছি যা তা গল্প না
মেঘের দেশের জলছবিতে স্বভাব-কবির জল্পনা
কাটলো যে দিন নিয়ম মেনে
দিন গুনে আর নিষেধ শুনে
পায়ের বেড়ি জড়াল ধরি
স্তব্ধ হল কল্পনা ।
ইতিহাসের পাতায়ই শুধু ভাল লাগে কলম্বাস
দশটা পাঁচটা সুখীজীবনে কাটুক বাবা বারোমাস।
মোদের যুদ্ধ মাছবাজারে ;ফেসবুকেতে মোরা স্বাধীন
পেটিম আর এটিমে যুদ্ধ করুক ভারত চিন ।
আমরা মশাই তোফা আছি বঙ্গদেশের লন্ডনে
চপমুড়ি আর মাইক শিল্পে রবীন্দ্রজ্ঞান টনটনে ।
— রাহুল · ২২/০১/২০১৭
চেনামুখ একদিন যায় হারিয়ে
সেইদিন পিছু যদি দেখ তাকিয়ে;
খুঁজে পেতে চাও তুমি যা ছিল আপন
আলোছায়া মেঘে তাকে লুকিয়েছে মন;
–সময়ের চাকা ঘোরে রয়ে যায় স্মৃতি
আর হাসি কান্নায় মেশা কিছু অনুভুতি ।
— রাহুল · ২৩/০৩/২০১৭
ওরে ধ্বজাধারী ওরে টিকিওয়ালা
তোদের পালা টিকবে না
গায়ের জোরেতে জিতবি ভাবিস
মনের জোরে যে পারবি না।
ভাগ করে এরা ;ভাগ করে খায়
বৃথা লড়ি মোরা বৃথা প্রাণ যায়
হাল্লা রাজায় দেশ ভরেছে
এবার মোদের খুলুক চোখ,
রাম রহিমের রক্তখেলা
অনেক হল বন্ধ হোক।
মোসুল থেকে লন্ডন
হার আজ কেউ মানবে না
চোখ রাঙাবি ভয় দেখাবি
কলম তবু থামবে না।
— রাহুল · ১৫/০৯/২০১৭
ছুটছে সময় ঘুরছে বছর
থমকে রাতের স্তব্ধতা
বাস্তব আর অবাস্তবের
ফারাক করা মূর্খতা।
কালের স্রোতে ভাসছে জীবন
অবিরত বিরামহীন
নটরাজের তা ধিন ধিনে
সৃষ্টি হচ্ছে ধ্বংসে লীন।
ভাঙ্গা গড়ার এই খেলাতে
আমরা সবাই পরাজিত
হারের সাথে যুদ্ধ করি
কেউ জীবিত কেউ বা মৃত ।
— রাহুল · ১৭/০৯/২০১৭
আজকে আবার নীল আকাশে সাদা মেঘের ভেলা
নদীর ধারে কাশের সাথে লুকোচুরি খেলা
আজকে অপু স্কাইপ করবে অফিস থেকে ফিরে
টেক্সাস টু কলকাতাতে লাইন লাগবে ধীরে
আজকে আবার সাজবে শরত শিউলিফুলের মালায়
ধান দুব্বে ঝরবে আশিষ বাংলাদেশের থালায়
আজকে আবার ফিরবে প্রিয়া ব্যাঙ্গালোর থেকে
মায়ের মুখে ফিরবে হাসি মেয়েকে সামনে দেখে
আজকে আবার ভোররাতেতে পাতবে সবাই কান
আগমনীর আবাহনে উঠবে জেগে প্রান ।
— রাহুল · ২১/০২/২০১৮
আকাশের তারা সাদা সে ফোয়ারা
নিশুতি রাতেতে মিটমিট করে চায়,
সময়ের সাথে তার কথা বলা
বিগব্যাং থেকে শুরু তার চলা
……আজো জেগে সে কিসের অপেক্ষায়।
পথ চলা তার হয়নি যে শেষ
ভাঙ্গে আর গড়ে দেশ মহাদেশ
কি যে খোঁজে তারা প্রতি মুহূর্ত,
যে তারা ছিল সবচেয়ে নিজের
সবথেকে প্রিয় সবচেয়ে কাছের
এক্সপ্যান্সনে বেড়েছে দূরত্ব।
আকাশের তারা চোখেতে ইশারা
আজো তাই জেগে প্রতীক্ষায় ,
সাথীহারা দুই তারারা রাতেতে
চেনা মুখ দুটো চায় খুজে পেতে
তাই তো রাতেতে ঝিকমিক করে চায় ।
লক্ষ আলোকবর্ষ পেরিয়ে
ছুটছে সে আলো আলোর বেগে
প্রতীক্ষার হবেই অবসান;
একই সময়ে পৌঁছবে আলো
জানবে দুজনে দুজনেই জেগে
মুছে যাবে যত জমে থাকা অভিমান।
— রাহুল · ৩১/০৫/২০১৮
তোমার কাজল চোখের পাতায়
সময় যে যায় থেমে
আজকে আবার নতুন করে
পরবো তোমার প্রেমে ।
তোমার জন্য কবিতা লিখব
পার হব মহাদেশ
গঙ্গার পারে,লেক মিশিগানে
গল্প জমবে বেশ।
কান্না হাসি খেলা অভিমানে
কাটবে মোদের দিন
এক প্রান আর এক মন মোরা
শরীর হোক না ভিন।
তোমার জন্য লড়াই করব
এই দুনিয়ার সাথে
পাশে পাই যেন সদাই তোমায়
আর হাত থাকে হাতে।
— রাহুল · ১৮/০৬/২০১৮
কত কথা রয়ে গেছে বাকি
কত কিছু বলা হল না
জীবনের গোলোকধাঁধায়
অনেকেই রাস্তা হারায়
নিয়মের বেড়াজাল ভেঙ্গে
কত পথ চলা হল না।
স্বপ্নরা আজকে ফিকে
জীবনের রোজনামচায়
হারিয়ে যে গেল কত ভোর
থোর-বড়ি-খাড়া-বড়ি-থোর
সময়ের তীব্র স্রোতে
দিন আসে দিন চলে যায়।
বন্ধ যে আজ সব দ্বার
তাহলে কি মেনে নেব হার?
…শেষ বাড়েতে চল বেড়াগুলো ভাঙ্গি
বলে যে যা বলুক অন্য লোক
চল একবার বাঁচার জন্য বাঁচি
আর একবার শেষ লড়াই হোক।
— রাহুল · ২০/০৬/২০১৮
ঝাপসা সকাল
ঘুমনো বিকাল
ঘাটেতে আড্ডা সেই
কত যে সন্ধ্যে
কত সিগারেট
হিসাব তো তার নেই।
মেঘলা আকাশ
বৃষ্টির বাস
জানলার কাচে জল
মেঘ গর্জায়
উড়ে উড়ে যায়
কাদা পায়ে ফুটবল।
ছড়িয়ে ছিটিয়ে
খেলার সাথীরা
খেলা আজ তাই বন্ধ
তাই মন করে
বৃষ্টি নামলে
অতীতের সাথে দ্বন্দ্ব।
— রাহুল · ১১/০৬/২০১৯
বৃষ্টি এলো আবার আজকে নেমে
দমকা হাওয়ায় মাধবীলতার প্রেমে
ঝরাপাতা ঝড় সাড়া দেয় তার ডাকে
জলছবি মেঘ ক্যানভাসে ছবি আঁকে ।
সবুজ ক্ষেতেতে নামে স্বস্তির শ্বাস
ইছামতীতে শ্রাবণের উচ্ছ্বাস
সিঁদুরে মেঘেতে গোধূলির কারসাজি
নৌকা ভেড়ায় পদ্মানদীর মাঝী।
শার্সির কাঁচে টিপ টিপ ঝরে ধারা
কান পেতে রয় বৃষ্টি ভিজেছে যারা
কবির কলমে কলি করে আনাগোনা
ভেজা শহরেতে মন তাই আনমনা।
খাল বিল জল রেললাইন কাঁটাতার
কাগজের ভেলা আজো করে পারাপার
একটা বর্ষা আসে একটা যায়
দিন বদলায় বৃষ্টি কি বদলায়?
— রাহুল · ১৯/০৬/২০১৯
নেপচুন থেকে প্লুটো
খবর রটেছে দুটো
মহাকাশের দস্যু নাকি পালিয়েছে
ঘুম থেকে উঠে ভোলা
মুখে দিয়ে কাঁচা ছোলা
খবরটা পেল ভিটি টা যেই চালিয়েছে।
হাঁদুটা হিউম্যানয়েড
চাঁদুটা চ্যাংটোব্যাঙ
মিল্কিওয়ের দস্যু দুজনে নামকরা
গ্রহের পর গ্রহ
চাঁদের পর চাঁদ
চুরি করে খালি বেড়ায় ওরা জলভরা।
ও বলাতো হয়নি আগে
অভাবনীয় দুর্যোগে
সব জল ফল শেষ , বেঁচে জলভরা
মিষ্টি জলের সোর্স
গ্যালাকটিক যত ফোর্স
তাদের কাজই ওই জলভরা রক্ষা করা।
সৌরপুঞ্জ চাপে
রাষ্ট্রপুঞ্জ কাঁপে
গ্যালাক্সি জুড়ে জারি যখন চিরুনি সার্চ
জুপিটারে বসে চাঁদু
আর তার পার্টনার হাঁদু
ভাতের হোটেলে ঢুকে খাচ্ছিল ইলিশ মাছ।
ম্যানেজার যদু বাবু
বাতের ব্যাথায় কাবু
থমকে দাঁড়ান দূর থেকে দেখে দুচার ফুট
লক্ষণ ভাল নয়
বুঝে হাতমুখ ভাতময়
ইলিশ গালেই চাঁদু হাঁদু দিল লম্বা ছুট।
— রাহুল · ২৫/০৬/২০১৯
নকশিকাঁথার মাঠ পেরিয়ে ছোট্ট একটা গ্রামে
তুলিতে আঁকা রাঙা মাটি যেখানে এসে থামে,
একটা ঘোর বাদল দিনে স্কুল গিয়েছে ছুটি
বাড়ির পথে টুবাই আর রাই, চলছে খুনসুটি
আকাশ ভেঙ্গে বৃষ্টি এল, একটা ছাতার তলায়
মনের মাঝেও বৃষ্টি ওদের, আনন্দ পথ চলায় ।
হাটতে বেরোয় শিল্পা সুনীল দেখতে সানরাইজ
বাড়ি ওদের সি লিঙ্কের পাশেই যে হাই রাইজ,
একই ফ্লোরেই থাকে ওরা, অফিসও পাশাপাশি
মুখ দেখাতেই আটকে আলাপ, বা আলগা হাসি,
প্রথম যখন মুম্বাইতে বর্ষা এসে নামে
বর্ষা আসে ধারাভিতে আর ইন্সটাগ্রামে।
— রাহুল · ২০/০৯/২০১৯
সাজ সাজ সাজ প্যান্ডেলে রব, দুদিন পরেই যে উৎসব
অসুর আবার বধ করতে দুর্গা দেবে পাড়ি,
অন্ধকারে বিচার খোঁজে তাবরেজ আনসারি।
কাশ্মীরেতে সব উৎসব দুই মাস ধরে বন্ধ
মায়ের সাথে হয় না কথা তাই বিক্রম অন্ধ।
তুমি আমি ভালই আছি ব্যাস্ত নিজের কাজে
সময় পেলে পলিটিকাল পোস্টো সাঁটাই মাঝে
পুজো আসছে সপ্তমীতে হাল্কা একটু নেশা,
জিডিপি নিয়ে হাল্কা তর্ক আলগা অঙ্ক কষা,
তার পরে তো যেযার কাজে থোড় বড়ি খাড়া থোড়
মজবে রাতে মন কি বাতে চৌকিদার আর চোর ।
আজকে ক্লান্ত কমলাকান্ত দেশদ্রোহী মামলায়
হবুচন্দ্র গবুচন্দ্র রাজত্ব সামলায় ।
— রাহুল · ১০/০৩/২০২০
যারা আজকে এখনও নীরব
এখনও নিরপেক্ষ
তোমাদের বিচার হবে।
বিচার করবে ইতিহাস
যখন রক্তে রাঙা তোমার রাজধানী
হয়ে উঠেছিল নাৎসি জার্মানী
তুমি তখন ব্যাস্ত ছিলে…
সত্যি ব্যাস্ত ছিলে?
নাকি তোমার নীরবতায়
লুকিয়ে ছিল তোমার সম্মতি…
লড়েছিল কিছু কুড়ি কি তিরিশ,
শাহীনবাগের মায়েরা,
চোখ রাঙানিতে ভয় পায়নি
কিছু বীর শিখ ভায়েরা।
তুমি কি ভয় পেয়েছিলে?
ভয় তো পেয়েছিল পেহেলু আর তাবরেজ
পেয়েছিল গৌরী লঙ্কেশ
ভূল বললাম… ভয় পেয়েছিলো ওরা
ওরা যারা “দেশপ্রেমিক”,
যারা কাশ্মীর চায়; কাশ্মীরের মানুষকে নয়,
তোমার ভোটকে চায়, তোমায় নয়।
সিয়াচেনে জয়ওয়ানরা লড়ছে
দিল্লীতে লড়ছে আমির আজিজ
তুমিও হয়ত লড়ছ জীবনের সাথে …বেছে নিয়েছ নীরবতা
কিন্তু তোমার নীরবতার সুযোগ নিয়ে দেশটা আজকে গুজরাট হয়ে গেল।
— রাহুল · ২৯/০৩/২০২০
শত সহস্র বছর ধরে
পথ আমাদের থামেনি
সুনামি থেকে মন্বন্তর
দমাতে মোদের পারেনি
যোগ্যতমের উদবর্তনে
আগুন মেনেছে পোষ
খরা ভুকম্প টাইফুন হয়ে
ঝরেছে তোমার রোষ
প্লেগ ,যুদ্ধ, মহামারি
কেড়েছে লক্ষ প্রাণ
নতুন করে বাঁচতে শিখেছি
সাথী সেই বিজ্ঞান
ধরেছি লাঙ্গল গড়েছি চাকা
দেওয়ালে সেসব হিসেব রাখা
শস্যশ্যামলা অবাক পৃথিবী, এইটা মোদের বাড়ি
গুহার ভেতর শুরু করে মোরা দিয়েছি চাঁদেতে পাড়ি
হাজার বর্ষা ভেঙেছে বাঁধ
নতুন করে গড়েছি,
তুমি ভাবলে করোনা
আজ তোমার কাছে হেরেছি?
” মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে, ঠাণ্ডাড়ে বীরু রায়ের বটতলায় কি ধলচিতের খেয়াঘাটের সীমানায়? তোমাদের সোনাডাঙা মাঠ ছাড়িয়ে, ইছামতী পার হয়ে, পদ্মফুলে ভরা মধুখালি বিলের পাশ কাটিয়ে, বেত্রবতীর খেয়ায় পাড়ি দিয়ে, পথ আমার চলে গেল সামনে, সামনে, শুধুই সামনে…
দেশ ছেড়ে বিদেশের দিকে, সুর্যোদয় ছেড়ে সূর্যাস্তের দিকে, জানার গন্ডি এড়িয়ে অপরিচয়ের উদ্দেশ্যে…। দিনরাত্রি পার হয়ে, জন্ম মরণ পার হয়ে, মাস, বর্ষ, মনন্তর, মহাযুগ পার হয়ে চলে যায়…. তোমাদের মর্মর জীবন-স্বপ্ন শেওলা-ছাতার দলে ভরে আসে, পথ আমার তখনো ফুরোয় না… চলে… চলে… চলে… এগিয়েই চলে….
অনির্বাণ তার বীণা শোনে শুধু অনন্ত কাল আর অনন্ত আকাশ….সে পথের বিচিত্র আনন্দ-যাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পরিয়েই তো তোমাকে ঘরছাড়া করে এনেছি!
… চল এগিয়ে যাই.”
— রাহুল · ১৩/১২/২০২০
অলস শীতেতে ঝিকিমিকি রোদে
গাছের পাতায় পাতায় যখন পাতাঝরার গান,
শহরের মাঠে ময়দানে সিনেমা হলে রেস্তোরাঁয় উঁকি দেয় আবছায়া ভালোবাসা
…শহরটার একটা জীবন আছে ।
সময় বদলায়, বদলায় চেনা মুখগুলো
ছেলেটা আর মেয়েটার গল্প তাও রয়ে যায় একই।
ধূলোপরা কিছু বই, জংধরা গিটার,
স্মৃতিতে মোরা একটা শহর,
এই দশটা পাঁচটার কঠিন জীবনে হয়তো এগুলোই থেকে যাবে অপরাজিত ।
এবছর তুমি চলে গেলে,
বাংলা ও বাঙালি তবু বাঁচবে তোমাকে নিয়েই
তুমি ই যে শিখিয়ে গিয়েছ ,
বাঁচার মধ্যেই সার্থকতা, তার মধ্যেই আনন্দ, হি ওয়ান্টস টু লিভ।
— রাহুল · ০৯/০১/২০২১
সময় বদলাচ্ছে, হয়ত বদলে যাচ্ছি আমরাও
অবাক পৃথিবী বন্দি আজ হাতে ধরা স্ক্রিনে
বইগুলো ধুলোমাখা, মুখগুলো ঝাপসা।
কালের দুর্নিবার গতির সাথে
তাল মেলানোর খেলায় ব্যস্ত সবাই।
মহামারী পরবর্তী পৃথিবী,
জনজীবন ফিরছে ক্রমশ তার নিজস্ব গতিতে ।
কোথাও ফ্যাসিবাদের পতন
কোথাও বা কৃষকের নবজাগরণ
জানান দিচ্ছে নতুন যুগের আগমন ।
ছোটবেলাই হয়ত ভালো ছিল,
খেলার সরঞ্জাম কিছু বা কম ছিল
খেলার সাথী ছিল দেদার,
আজ সরঞ্জামের অভাব নেই
খেলার সাথীরা শুধু নিখোঁজ।
বিট কয়েনের আচমকা উত্থান
মুহূর্তে বদলে দিচ্ছে জীবন,
সিলিকন ভ্যালীতে রাতভোর পার্টি।
আর্টেমিস অভিযানে তৈরি হচ্ছে মানুষ
নতুন করে দেবে মহাকাশে পাড়ি ,
সালটা ২০২১, কুয়োতে জল খেতে গিয়ে
আজো মারা যাচ্ছে দলিত;
হয়ত আমরা বদলাচ্ছি না।
প্রত্যেকে লড়ছে তার নিজের লড়াই;
কত চেনামুখ আজ অতীত,
হাতের কাছেই তিন-চারটে ফোন,
শুধু একটা ফোন করা হয়নি ।
কতদিন আকাশ দেখা হয়নি।
— রাহুল · ১৪/০৯/২০২৩
সাদা, নীল আর সবুজেতে মোড়া
স্বপ্ন উপত্যকা,
ঠিকানা তার সিন্ধু নদীর তীর,
কখনো সে টিউলিপ- কখনো ভয়ংকর
মায়াময় ভূস্বর্গ কাশ্মীর।
আজানে তে হয় ভোর
-সন্তুরের সুরে রাত
হাসিমুখে রোজ নতুন লড়াই লড়ে,
কচিৎ কুচকাওয়াজ,
পায়ে পায়ে ক্যামোফ্লেজ, জানায়
ক্ষত সব শুকায়নি এ শহরে।
আপেল বাগান, কেশরের ক্ষেত,
ঝিরিঝিরি নদী বেয়ে
ভোরের আলোয় যাত্রা লাগায় মেষপালকের দল।
স্কুলের ঘণ্টা বাজে, বিকেলের হাট সাজে
সাঁঝের বাতিতে মেহরাজ ফেরে পায়ে নিয়ে ফুটবল।
আকাশভরা তারা, যেদিকেতে যায় চোখ
ডাল লেকেতে শিকারা ভ্রমণে পর্যটকের ভিড়।
পেহেলগমেতে রাত, বাঁধভাঙা মাহনুর
জান্নাত এ জাহান কাশ্মীর।