সরকারি সা'দত কলেজে শহীদদের স্মরণে পুষ্প অর্পণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
১২ আগষ্ট ২০২৪ইং, রোজঃ সোমবার।
সরকারি সা’দত কলেজ প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সদ্য বিদায়ী সরকার পদত্যাগের পরপরই শুরু হয় রাষ্ট্র মেরামতের কাজ। সেইসাথে শিক্ষার্থীরাও তাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় সরকারি সা'দত কলেজের শিক্ষার্থীরা নিজ কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেন। সোমবার (১২ আগস্ট) সকাল ১০ ঘটিকা হতে এ কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিল সরকারি সা'দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী, শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ শিক্ষার্থীবৃন্দ , বিএনসিসি - রেড ক্রিসেন্ট - বাঁধনসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।
আজকের কার্যক্রমের প্রথমেই ছিল ক্যাম্পাসের সকল দেয়াল হতে পোস্টার এবং ফেস্টুন সরানো, ক্যাম্পাসের আঙ্গিনা পরিষ্কার করা, দেয়াল পরিষ্কার করা এবং ২০২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্প অর্পণ। শুরুতেই সরকারি সাদাত কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করা হয়। পরবর্তীতে কলেজের ০১ (এক) নং গেটের পাশের দেয়াল এর পোস্টার সমূহ সরিয়ে দেয়াল পরিষ্কার করা হয়। এরপর শহীদ মিনার, ছাত্র-ছাত্রী হল এবং বাঁধন অফিস সংলগ্ন রাস্তাসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন। গত ০৭ (সাত) আগস্ট অধ্যক্ষের নিকট শিক্ষার্থীরা যেই ২৭ দফা দাবি পেশ করেছিল তা পূরণের রোড ম্যাপ, বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা এবং বাস্তবায়নের ব্যাপারে আলোচনা করেন। সরকারি সা'দত কলেজের অধ্যক্ষ পূর্বেই দাবিগুলোর সাথে একমত পোষণ করেছিলো।
ইসলামিক শিক্ষা বিভাগের ১ম বর্ষের (২০২২-২৩) শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি নাহিদ বলেন, আমরা আমাদের কলেজ শান্তিময় এবং সুশৃঙ্খল রাখতে নিজেরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাবো। কোনো অন্যায় অবিচারকে সা'দত কলেজের মাটিতে জায়গা দেওয়া হবে না। আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
দর্শন বিভাগ ১ম বর্ষের (২০২২-২৩) শিক্ষার্থী মেহেদী হাসান নিশাত বলেন, আমাদের সকলের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতাকে কেউ যেনো প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সা'দত এর ছাত্র সমাজ সবসময়ই কাজ করে যাবো। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই এই কঠিন কাজটি আমাদের সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ রেখে করতে হবে, আমরা করবোও ইনশাআল্লাহ।
সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. জান্নাতুল ফেরদৌস হিয়া বলেন, এখন থেকে আমরা সকল বিভাগের শিক্ষার্থীরা মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো, ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে সবাই এগিয়ে আসবো । খুব শীঘ্রই আমরা নিজেদের ক্যাম্পাস সুন্দর এবং সুগঠিত করে তুলব,ইনশাআল্লাহ।
সরকারি সা‘দত কলেজ প্রতিনিধি।
১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। স্বাধীনতার ঘোষণার পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়। দীর্ঘ দিন কারাভোগের পর পাকিস্তানের কারাগার থেকে ১৯৭২ সালের ৮ই জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লী হয়ে ঢাকা ফেরেন ১০ই জানুয়ারি। এদিন দুপুর ১টা ৪১ মিনিটে তিনি ঢাকা এসে পৌঁছেন। চূড়ান্ত বিজয়ের পর ১০ই জানুয়ারি বাঙালি জাতি বঙ্গবন্ধুকে প্রাণঢালা সংবর্ধনা জানানোর জন্য অপেক্ষায় ছিল। আনন্দে আত্মহারা লাখো মানুষ ঢাকা বিমান বন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান। বিকেল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন।
তাই ১০ই জানুয়ারি নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "স্বদেশ প্রত্যাবর্তন দিবস" হিসেবে পালন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৪ উপলক্ষে আজ (১০ জানুয়ারি, ২০২৪ইং) সরকারি সা'দত কলেজে "১০ই জানুয়ারি: জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহমেদ এবং জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা'দত কলেজ), আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু সাঈদ (সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রফেসর শায়লা ইয়াছমিন (বিভাগীয় প্রধান, পদার্থবিদ্যা বিভাগ)। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি সা‘দত কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সেমিনার শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেমিনারের আলোচক জনাব মোঃ আবু সাঈদ সেমিনারের বিষয়বস্তুর উপর আলোচনা করেন।
সরকারি সা’দত কলেজ প্রতিনিধি : টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান গত (০৮-০১-২০২৪ ইং) বাদ এশা মৃত্যুবরণ করেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ছিট মামুদপুর গ্রামের মৃত হালিম সিকদারের ছেলে।
তার বন্ধু মোঃ আফ্রিন শুভ বলেন, মেহেদী দীর্ঘদিন যাবত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিলেন। যার জন্য কোন মাসে ০১ বার আবার কোন মাসে ০৪ বার তাকে রক্ত নিতে হতো। তাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আনুমানিক ০৩-০১-২০২৪ইং তারিখে তাকে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত (০৮-০১-২০২৪ইং) বাদ এশা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার এই মৃত্যুতে তার পরিবারসহ সহপাঠীরা গভীর শোকাহত।