আরবি ভাষা বিশ্বের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ ভাষা। কুরআনুল কারিমের ভাষা হওয়ায় মুসলিমদের নিকট বিশেষ গুরুত্বপূর্ণ। তবে আমাদের দেশে একটি ধারণা প্রচলিত আছে যে, “কুরআন ও হাদিস আরবি ভাষা, কঠিন বিষয়। এটি শুধু হুজুররাই বুঝবে । আমরা সাধারণ পাবলিক কুরআন হাদিস বুঝব না।”
উপরের কথাটি সরাসরি কোরআন বিরোধী, শয়তানের একটি ওয়াসওয়াসা এবং ধর্ম ব্যবসায়ীদের একটি প্রচারনা। সূরা ক্বামারের ১৭ নং আয়াত, ২২ নং আয়াত, ৩৩ নং আয়াত এবং ৪০ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন একই কথা চার বার বলেছেন সেটি হচ্ছে,
“আমি কুরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি আছো কি কেউ উপদেশ গ্রহণকারী?
আল্লাহ রাব্বুল আলামীন কোরআন কে বোঝার জন্য সহজ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। আর আমরা তাকে কঠিন বলে ঘোষণা দিচ্ছি। তাহলে কে বেশি সত্যবাদী? অবশ্যই আল্লাহর কথাই সঠিক।
নিয়মিত অনুশীলন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করলে যে কেউই আরবি ভাষা শিখতে পারে। আজকের আলোচনায়, আমরা আরবি ভাষা শেখার সহজ পদ্ধতি সম্পর্কে জানবো ইং শা আল্লাহ।
প্রথমেই, নিজের মধ্যে আরবি ভাষা শেখার প্রবল আগ্রহ ও স্পষ্ট উদ্দেশ্য স্থির করতে হবে। কেন আপনি আরবি শিখতে চান? কুরআন বোঝার জন্য? আল্লাহর কালামকে অনুধাবন করার জন্য? ইংরেজিতে একটি প্রবাদ আছে “ওয়েল বিগান ইজ হাফ ডান” অর্থাৎ ভালোভাবে শুরু করতে পারলে অর্ধেক কাজ এমনিতেই শেষ হয়ে যায়, আর বাকি অর্ধেক কাজ শুধু সম্পন্ন করতে হয়। বুখারী শরীফের প্রথম হাদিসটিই হচ্ছে, “انما الاعمل بالنيات
অর্থাৎ প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল।
একটি বিষয় চিন্তা করে দেখুন, যখন আপনি কোরআনের প্রতিটি শব্দকে ভেঙে ভেঙে বুঝতে পারবেন তখনই আপনি কোরআন মাজীদ অনুধাবন করতে পারবেন । কুরআন মাজিদের একটি শব্দকে নিমুক্তভাবে বিশ্লেষণ করার চেষ্টা করুন। শব্দটির মূল শব্দ কি? অর্থাৎ এর মাদ্দা এবং মাসদার কী? শব্দটি কোন Tense বা কোন কালে আছে অর্থাৎ এটি কি অতীতকাল? নাকি বর্তমান কাল? নাকি ভবিষ্যৎ কাল? শব্দটি কোন ফেল বা ক্রিয়া থেকে গঠিত হয়েছে,এটি কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় নাকি ক্রিয়া? শব্দটি কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? শব্দটি কোন Person আছে? শব্দটি কি একবচন, দ্বিবচন নাকি বহুবচন? এটি কি নির্দিষ্ট শব্দ নাকি অনির্দিষ্ট শব্দ ইংরেজিতে যেটা বলি ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনেট আর্টিকেল? এভাবে কোরআনের প্রতিটি শব্দকে যখন আপনি ভেঙ্গে ভেঙ্গে বুঝতে পারবেন তখনই আপনি কুরআন মাজীদকে অনুধাবন করতে পারবেন অর্থাৎ কুরআনের স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন।
আপনাকে একজন ধৈর্যশীল হতে হবে। কোন ভাষা শেখা রাতারাতি সম্ভব নয়। ধৈর্য ধরে নিয়মিত অনুশীলন চালিয়ে গেলে অবশ্যই সফলতা অর্জন করা যাবে। মাঝে মাঝে আপনার মাঝে হতাশা কাজ করতে পারে। এমন মনে হতে পারে যে আপনার দ্বারা আরবি ভাষা শেখা সম্ভব নয়। কিন্তু আপনি হাল ছেড়ে দিবেন না। ধৈর্য ধরে লেগে থাকুন। আমার এ লেখাটি সম্পূর্ণ পড়তে পারেন কিনা সেটাও আপনার ধৈর্যের একটি পরীক্ষা। আশা করি কমেন্ট করে জানাবেন।
প্রতিটি ভাষারই মূল স্তম্ভ হচ্ছে তার শব্দার্থ বা শব্দভাণ্ডার। আরবি ভাষাও তার ব্যতিক্রম নয়। এক হিসেবে দেখা গেছে, কোরআন মাজিদে প্রায় ৭৮ হাজার শব্দ রয়েছে, এর মধ্যে ১৮০০ শব্দ হচ্ছে মূল শব্দ অর্থাৎ Root form আরবিতে যাকে বলা হয় মাসদার। কিছু কিছু শব্দ বহুবার ব্যবহৃত হয়েছে যেমন من শব্দটি কুরআন মাজীদে তিন হাজারেরও বেশি বার ব্যবহার করা হয়েছে। قال আরবি ক্রিয়াটি কোরআন মাজীদে প্রায় ১৩০০ বার ব্যবহার করা হয়েছে। কুরআন মাজিদে বহুবার ব্যবহৃত শব্দগুলো আগে মুখস্ত করতে হবে। এক হিসেবে দেখা গেছে মাত্র ৩১৫ টি শব্দ শিখতে পারলে কুরআন মাজীদের ৬০ শতাংশ শব্দ শেখা হয়ে যাবে, তবে একই সাথে শব্দ গুলোর বিভিন্ন রূপ যেমন একবচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ অতীত বর্তমান ভবিষ্যৎ কাল ইত্যাদি জানতে হবে। এজন্য বেশি বেশি শব্দ মুখস্থ করুন। কোরআন মাজিদে বহুবার ব্যবহৃত আরবি শব্দ নিয়ে আমার একটি নোট তৈরি করা আছে আপনারা সেটি ডাউনলোড করে নিতে পারেন।
আরবি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরবি ফেল বা ক্রিয়া। কারণ আরবি হরফ বা অব্যয়গুলো নির্দিষ্ট সংখ্যক কিন্তু ক্রিয়ার সংখ্যা প্রচুর। আবার আপনি যদি কোন একটি শব্দের ক্রিয়া জানতে পারেন, তাহলে আপনি নিজেই তার থেকে বিভিন্ন সিগাহ, ফায়েল বা কর্তা, মাফউল বা কর্ম, এবং মাসদার বা ক্রিয়া-বিশেষ্য, আমর বা আদেশ মূলক বাক্য এবং নাহি বা নিষেধ মূলক বাক্য ইত্যাদি তৈরি করতে পারবেন। অর্থাৎ একটি ক্রিয়া থেকে প্রায় ৩৩ টি শব্দ তৈরি করতে পারবেন সহজেই। কিছু কিছু ক্রিয়া কোরআন মাজিদে বহুবার ব্যবহৃত হয়েছে। সেগুলো আগে শিখতে হবে তারপরে বাকিগুলো শিখতে হবে। কোরআন মাজিদে বহুবার ব্যবহৃত ৫৬৮ টি আরবি ক্রিয়া নিয়ে আমার একটি নোট তৈরি করা আছে। আপনারা ডাউনলোড করে নিতে পারেন।
আরবি গ্রামারের দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে হচ্ছে ইলমুস সরফ এবং অপরটি হচ্ছে ইলমুন নাহু। প্রথমে ইলমুস সরফ শিখতে হবে তারপরে ইলমুন নাহু। ইলমুস সরফ হচ্ছে শব্দ প্রকরণ অর্থাৎ এক শব্দ থেকে বিভিন্ন শব্দের রূপান্তর। বিশেষ করে আরবি ক্রিয়া থেকে বিভিন্ন টেন্স বা কাল ভিত্তিক ক্রিয়ার রূপ, বিভিন্ন বচন ভিত্তিক শব্দের রূপ, বিভিন্ন পারসন ভিত্তিক শব্দের রূপ এবং লিঙ্গভিত্তিক শব্দের রূপ আলোচিত হয়। অপরদিকে ইলমুন নাহু এর আলোচ্য বিষয় হচ্ছে বাক্য প্রকরণ অর্থাৎ একটি আরবি বাক্য কিভাবে গঠিত হয়, এর সাবজেক্ট, অবজেক্ট ইত্যাদির আলোচনা, কোথায় ক্রিয়া, কোথায় কর্তা, কোথায় কর্ম বসবে ইত্যাদি জানা যায়।
প্রতিদিন ফজরের সলাত শেষে কমপক্ষে আধা ঘন্টা সময় রাখবেন অর্থ বুঝে কোরআন পড়ার জন্য। একেকদিন আমপারা একেক সূরা অনুধাবন করবেন অথবা বড় সূরা হলে দুই তিনটি আয়াত পড়বেন । একই সাথে প্রতিটি শব্দের অর্থ বুঝার চেষ্টা করবেন। যে শব্দগুলা মুখস্ত পারেন সেগুলো আপনার কাছে সহজ হবে। নতুন কোন শব্দ আসলে সেগুলো নোট খাতায় লিখে রাখবেন এবং সারাদিন এগুলো মনে মনে চর্চা করে মুখস্ত করার চেষ্টা করবেন। অর্থ বুঝে কোরআন পড়ি শিরোনামে ইউটিউবে আমার একটি প্লেলিস্ট রয়েছে সেখানে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে পারেন।
ইউটিউব চ্যানেলে আরবি গ্রামার এর উপর বাংলা ভাষায় প্রচুর ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেগুলোর সাহায্য নিতে পারেন। কুরআনিক আরবি ভাষা শিক্ষা কোর্স লিখে ইউটিউবে সার্চ করলে প্রচুর ভিডিও রিসোর্স পাবেন। তবে একেক শিক্ষকের শিখানোর ধরণ বা কৌশল আলাদা। সেজন্য যার বোঝানোর ধরন আপনার কাছে ভালো লাগে তার লেকচারগুলো দেখবেন।
ইউটিউবে কোরআনিক আরবি ভাষা শিক্ষার উপর আমার একটি চ্যানেল রয়েছে। Uzzal Hossain লিখে ইউটিউবে সার্চ করলেই চ্যানেলটি পাবেন অথবা এখানে ক্লিক করুন। আমি নিজে একজন জেনারেল শিক্ষিত তাই একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি কিভাবে সহজে আরবি গ্রামার শিখতে পারবে সে বিষয়টি আমার জানা আছে। সেজন্যই ইংরেজি গ্রামারের সাথে মিল রেখে আমি আরবি গ্রামার আলোচনা করেছি। ধারাবাহিকভাবে ক্লাস গুলো দেখলে আশা করি খুব সহজেই আপনি কোরআনিক আরবি ভাষা শিখতে পারবেন ইং শা আল্লাহ।
কোরআনিক আরবি ভাষার উপর অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং উপকারী বই এবং নোট রয়েছে, যেগুলো পড়ে আপনারা আরবি ভাষা আয়ত্তে আনতে পারেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু বই এবং লেখকের নাম উল্লেখ করলাম।
আধুনিক আরবী ব্যাকরণ লেখক এম এম শহিদুল্লাহ মিলাত, মদিনা এরাবিক বুক (১,২,৩ খন্ড) অনুবাদক মোঃ শাহিনুর আলম, কোরআনীয় আরবি ভাষা শিক্ষা অনুবাদ মাওলানা ইয়াহিয়া, আরবি ক্রিয়া পদের বিভিন্ন সিগাহ নিয়ে আমার তৈরি করা নোট, মিজানুস সরফ, ইজরাউচ্ছরফ লেখক মুফতি আজহারুল ইসলাম, ইজরাউন্নাহু লেখক মুফতি আজহারুল ইসলাম,শব্দার্থে আল কোরআন সম্পাদনায় মাওলানা ইয়াহিয়া, মুআল্লিমুন্নাহুওয়াচ্ছরফ লেখক মুফতি হোসাইন আহমেদ আল হাবিবি, এসো নাহব শিখি লেখক আবু তাহের মেসবাহ ইত্যাদি।
কোরআনিক আরবি ভাষা শেখা এ জার্নিতে আপনাকে সহায়তা করতে অনেকগুলো এন্ড্রয়েড অ্যাপস রয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, Al-Wafi Arabic Bengali dictionary , Al Quran tafsir and by words, এছাড়াও আরবি ক্রিয়ার বিভিন্ন সিগাহ প্র্যাকটিস করার জন্য এই ওয়েব পেজের সাহায্য নিতে পারেন।
আরবি ভাষা শিক্ষার উপর অনলাইনে অনেকগুলো কোর্স পাওয়া যায়। কিছু কোর্স আছে পেইড, কিছু আছে ফ্রি। সেগুলো আপনারা বিভিন্ন অনলাইন থেকে কোর্সগুলো কিনে নিতে পারেন অথবা সরাসরি কোন ওস্তাযের নিকট অনলাইনে কোর্সগুলো করতে পারেন।
একজন অভিজ্ঞ আরবি ভাষা শিক্ষকের তত্ত্বাবধানে আরবি ভাষা শেখা অনেক সহজ। শিক্ষক ভুল শুধরে দিতে পারবেন এবং সঠিক দিকনির্দেশনা প্রদান করবেন।
আরবি ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য আপনি আরবি ভাষাভাষী স্বনামধন্য আলেমদের আরবি লেকচার শুনতে পারেন। একই সাথে বিভিন্ন নিউজ চ্যানেলের আরবি নিউজ দেখতে পারেন অথবা ইসলামিক আরবী কার্টুন দেখতে পারেন। তাহলে তাদের উচ্চারণ এবং শব্দের ব্যবহার সম্পর্কেও আপনি ধারণা পাবেন।
যদি সম্ভব হয়, আরব দেশ ভ্রমণ করে সেখানকার পরিবেশে আরবি ভাষা শেখার চেষ্টা করুন। এতে আপনি দ্রুত আরবি ভাষায় কথা বলতে, শিখতে পারবেন এবং আরবী সংস্কৃতি সম্পর্কেও জানতে পারবেন।
আমি নিজেও একজন জেনারেল শিক্ষিত। সেজন্য জেনারেল শিক্ষিতদের নিকট কুরআনিক আরবি ভাষাকে কিভাবে সহজে উপস্থাপন করা যায় তা নিয়ে কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেকটা সফলতা পেয়েছি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার এ প্রচেষ্টা অব্যাহত আছে।
যেকোন পরামর্শ ও সহযোগীতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিক করুনঃ
Uzzal Hossain Islamic Lecturer
Quran Teacher Bangladesh
Arabic Teacher Online
Learn Quran Bengali
Islamic Lecturer Bangladesh
Uzzal Hossain islamic scholar