'ফুল কুড়নোর দিন' আমার চতুর্থ বই। উড়ান প্রকাশনী থেকে প্রকাশিত হয় ২০২৪ সালে। উপন্যাসের মোড়কে এ আদতে এক স্মৃতিকথা। বলা যেতে পারে ছোটবেলার টুকরো টাকরা কুড়িয়ে এনে অক্ষর দিয়ে ক্যালাইডোস্কোপ গড়ে তোলার চেষ্টা। এই বইতে এমন এক সময়কালকে ধরে রাখতে চেয়েছি যখন এখনকার মতো স্মার্টফোন এবং ইন্টারনেট ঝাঁপিয়ে পড়ে সভ্যতাকে পুরোপুরি গ্রাস করে ফেলেনি। বইটি আশির ও নব্বইয়ের দশকের সেইসব ঝিলমিলে দিন, তারাভরা রাতের আখ্যান। যখন লাজুক কিশোর বুকপকেটে চিঠি নিয়ে অপেক্ষা করত স্কুল ফেরতা কিশোরীর জন্য। যখন গ্রীষ্মের লোডশেডিংয়ের সন্ধ্যায় বাড়ির উঠোনে মাদুর বিছিয়ে হাতপাখা হাতে সকলে মিলে মেতে ওঠা হত গানে আর কবিতায়। আধা শহর আধা মফস্বলের নিচু বাড়িগুলোর উপর দিয়ে বয়ে চলা দখিনা বাতাস শুনতে শুনতে থমকে যেত হারমোনিয়ামে গলা সাধার কিংবা ভাইবোনে মিলে দুলে দুলে পড়া তৈরির সিম্ফনি। ‘ফুল কুড়নোর দিন’ সেইসব গন্ধ, বর্ণ, শব্দের মায়াময় কোলাজ। ফেলে আসা সময়েরই এপিটাফ।
উপন্যাস - ফুল কুড়নোর দিন
প্রকাশক - উড়ান