সম্পর্ক

একটা সম্পর্কের শুরুর দিনগুলো খুব অদ্ভুত হয়৷ নতুন সম্পর্কের বেড়াজালে পড়ে নিজেদেরকে পৃথিবীর সবথেকে সুখী মনে করতে থাকি৷ কিন্তু, ভুলে যাই পরিবারের কথা৷ একটা সময় মনে হয় ''হ্যাঁ, ওর জন্যে আমি সব করতে পারবো।'' এমনকি পরিবারকে যদি ছাড়তেও হয়, তাতেও রাজি। তখন, মা-বাবা, ভাই-বোন সবার কথা যেনো খুব তেতো মনে হয়। চলে তর্কাতর্কি আর একসময় পরিবারই বাধ্য হয় মেনে নিতে।

সম্পর্ক আগাতে থাকে ৷ প্রথম তিন-চার-পাঁচ মাস বেশ ভালোই কাটে৷ প্রতিনিয়ত ফোনে কথা বলা, কি করছো, কি খাইছো থেকে বাথরুমের শাওয়ারের খবর নেয়া পর্যন্তও হয়ে যায়। এর কিছুদিন পর থেকেই শুরু হয় আধিপত্যের খেলা৷ যে আধিপত্য বিস্তারে এগিয়ে থাকে সেই জয়ী। আস্তে আস্তে বিষের মতো করে একটা জিনিস সম্পর্কে ঢুকে যায়৷

হ্যাঁ, ইগো সেই জিনিসটাই যা কি না কোনো এক সুন্দর সম্পর্ক শুধু ভাঙতেই প্রয়োজন হয়৷ যারা এই উন্মুক্ত বিষ গলাধঃকরন থেকে বিরত থাকে তারাই সম্পর্কের আসল স্বাধ নিতে পারে। কিন্তু, সবথেকে দুঃখের বিষয় হলো, আমরা বেশিরভাগই নিজেদেরকে এই বিষপান থেকে মুক্ত রাখতে পারিনা৷ আর যারা পারিনা, তাদের পরিনতি, হয় ঝুলে থাকা, না হয় ফেলে দেওয়া৷

কেউ কেউ তার পুরনো মানুষটির জন্যে অপেক্ষা করে বসে থাকে, এই ভেবে সে একদিন শুধরাবে, আমাকে বুঝবে আর ফিরেও আসবে। সেই সময়টা সত্যিকার অর্থে তার জন্যে প্রথমদিকের শুরু হওয়া ভালো সময়টার পুরোপুরি উল্টো।

১৮০° তে ঘুরে যায় জীবন। বাস্তবতাটা সামনে আসতে থাকে৷ সেই সময়টাতে কেউ পাশে থাকেনা, আপনি পরিবারের কাছে ফিরে যাবেন, সেটাও পারবেননা কারন, তার জন্যে আপনি ইতিমধ্যে খুব বাজে ব্যবহার করে ফেলেছেন। সময়টা একাই কাটাতে হয়৷ জীবনের সবচেয়ে দীর্ঘ সময় তখন এটাই মনে হয়৷

--- মোঃ লুৎফর রহমান সীমান্ত