“ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা টিওডি” একটি নগর উন্নয়ন বা পরিকল্পনা প্রক্রিয়া/পলিসি যেখানে সকল আবাসিক, বাণিজ্যিক এবং অবসর কাটানোর এলাকা একজন নাগরিকের হাঁটার দূরত্ব বা পাবলিক ট্রান্সপোর্টের থাকে। একজন নাগরিক চাইলেই তার বসবাসের এলাকা থেকে হেঁটে বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে তার কর্মক্ষেত্রে বা ছুটির দিনে অবসর কাটানোর এলাকায় যাতায়াত করতে পারে। টিওডির মূল লক্ষ্য ব্যাক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার বৃদ্ধির মাধ্যমে টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করা।
একটি টিওডি সম্পন্ন এলাকায় একটি কেন্দ্রীয় ট্রানজিট স্টপেজ(উদাহরণঃ ট্রেন স্টেশন, বাস স্টপ ইত্যাদি) থাকে এবং সেটিকে কেন্দ্র করে বসতি গড়ে উঠে। একটি টিওডি সম্পন্ন এলাকায় সাধারণত ব্যক্তিগত যানবাহন চলাচল কম থাকে বিধায় নিরাপদে হাঁটাচলার উপযোগী হয়ে গড়ে উঠে। একটি টিওডি সম্পন্ন এলাকা সাধারণত কেন্দ্রীয় ট্রানজিট স্টপেজের ৪০০ মিটার থেকে ৮০০ মিটারের রেডিয়াস বা ব্যাসের মধ্যে হয়ে থাকে।
একটি টিওডি সম্পন্ন এলাকা সাধারণত কয়েকটি মূলনীতির উপর ভিত্তি করে গড়ে উঠে,
এক, একটি টিওডি সম্পন্ন এলাকায় সকল ফুটপাত নিরাপদ, হাঁটার উপযোগী এবং হাঁটাচলার জন্য সকলের ওই ফুটপাত ব্যবহারের অধিকার থাকবে।
দুই, একটি টিওডি সম্পন্ন এলাকা নন-মোটরাইজড যানবাহনকে অগ্রাধিকার দিবে। যে সকল যানবাহন মোটর চালিত নয় সেগুলোর জন্য সঠিক ও নিরাপদ ট্রান্সপোর্ট নেটওয়ার্ক থাকবে এবং তাদের পার্কিং এর জন্য পর্যাপ্ত জায়গা থাকবে।
তিন, একটি টিওডি সম্পন্ন এলাকায় কানেক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার দূরত্ব সবসময় হাঁটা বা নন-মোটরাইজড যানবাহনের চলাচলের দূরত্বের মাঝে হবে।
চার, একটি টিওডি সম্পন্ন এলাকা উচ্চ মানসম্পন্ন ট্রানজিট সিস্টেমকে কেন্দ্র করে গড়ে উঠে।
পাঁচ, সকল কর্মক্ষেত্র, পাবলিক স্পেস এবং নাগরিক সুবিধা গ্রহণের এলাকা সবসময় একজন নাগরিকের হাঁটার দূরত্বের মধ্যে থাকে। একটি টিওডি সম্পন্ন এলাকায় সকল শ্রেণীর মানুষের বসবাস থাকে।
ছয়, একটি এলাকার ঘনত্ব অনুসারে ওই এলাকার জন্য উচ্চ মানসম্পন্ন টেকসই চলাচল ব্যবস্থা থাকে।
সাত, এক এলাকা থেকে আরেক এলাকার দূরত্ব কম হয়। শহরের মধ্যে চলাচল অনেক সুবিধাজনক হয়।
আট, একটি টিওডি সম্পন্ন এলাকায় মোটরচালিত যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রিত থাকে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সকল শহর গড়ে উঠে তাদের বেশিরভাগ ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট সম্পন্ন নগর উন্নয়নের পলিসি নিয়েছে। টরন্টো, পোর্টল্যান্ড, সান-ফ্রান্সিসকো অন্যতম টিওডি সম্পন্ন এলাকা। এশিয়ার দেশগুলোর মাঝে হংকং, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার নগর পরিকল্পনায় টিওডি পলিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে।
আরো জানতেঃ
২. https://www.itdp.org/.../standards.../tod3-0/what-is-tod/
৩. https://olc.worldbank.org/.../transit-oriented...
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়