নগর পরিকল্পনার বর্তমান এ রূপ এক দিনে গড়ে উঠে নি। নগর পরিকল্পনার আধুনিক উৎপত্তি একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে হয়েছিল যা উনিশ শতকের শেষে শিল্প নগরীর বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে উদ্ভুত হয়েছিল। সে সময়ের অনেক চিন্তাবিদরা একটি আদর্শ শহর চেয়েছিলেন যেখানে থাকবে পর্যাপ্ত পরিমাণে সুযোগ -সুবিধা। এই ভাবনাটাই তাদেরকে পরিকল্পনা রাজ্যে নিয়ে আসে। তখন সমসাময়িক পরিকল্পনাবিদরা সামাজিক সাম্য, অর্থনৈতিক বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে নানা রকম পদক্ষেপ গ্রহণ করে। যার ফলাফল হিসেবে আমরা একটা পুরো শহর বা মেট্রোপলিটন এরিয়ার মাস্টার প্ল্যান বা নেইবারহুড প্ল্যান দেখতে পাই।
১৮৯৮ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত আমেরিকার সর্বপ্রথম নগর পরিকল্পনা সম্মেলনে, একজন ব্রিটিশ পরিকল্পনাবিদ জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি এবং তার সহকর্মীরা কিসের জন্য কাজ করে যাচ্ছেন? মানুষের জন্য নাকি সুন্দর শহরগুলির জন্য? তখন তিনি ভাবলেন, নগর পরিকল্পনা কি শুধু ফিজিকাল নকশা নিয়ে নাকি আমাদের শহুরে জায়গায় বসবাসকারীদের জন্য শহরগুলিকে আরও সহজ বাসযোগ্য করে তোলার জন্য?
এটি পরিকল্পনা রাজ্যের জন্য একটি অপরিহার্য প্রশ্ন ছিল, যা সত্যিই বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত জন্ম নেয়নি। এর আগে, তিন ধরনের মানুষ একটি শহর কেমন হওয়া উচিত তা নিয়ে চিন্তা করেছিলেন -
১.স্থপতি
২.জনস্বাস্থ্য কর্মকর্তা এবং
৩.সমাজকর্মী।
তাদের প্রত্যেকের শহর নিয়ে ভিন্নধর্মী ভাবনা ছিল। স্থপতিরা শহরগুলিকে একটি " বিল্ট এনভাইরনমেন্ট " হিসেবে দেখতেন।
অন্যদিকে, জনস্বাস্থ্য পেশাজীবীরা অবকাঠামোহীনতায় ভুগছিলেন। তারা জানত যে রোগ এবং সামাজিক অবস্থার মধ্যে একটি সংযোগ রয়েছে, যদিও তারা সঠিকভাবে জানত না যে সংযোগটা কোথায়। স্যানিটেশন কীভাবে কাজ করবে, বা বর্জ্যপদার্থ কোথায় ফেলতে হবে বা কীভাবে শহর থেকে আবর্জনা নিষ্কাশন করতে হবে এসব কিছুর পরিকল্পনা করা - তারা জানত না। এইগুলোই ছিল তখন রোগের বিস্তার রোধ করার সবচেয়ে কার্যকর উপায়। সবশেষে, সমাজকর্মীরা শহরটিকে ব্যবহার করতে চেয়েছিলেন সেখানে বসবাসকারী মানুষের জীবন উন্নত করার জন্য। তারা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি -ঘর, শিশুদের খেলার জায়গা এবং শহুরে বাসিন্দাদের জন্য আরও স্বাস্থ্যকর এবং মুক্ত বাতাস চেয়েছিলেন।
এই তিন ধরনের চিন্তাবিদদের একত্রিত করা হয়েছিল শিল্প বিপ্লব এর সময়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনার অধ্যাপক ইলিয়ট স্কেলার বলেন, "সেই মুহুর্তে আমরা শহরকে সম্প্রসারিত করার প্রযুক্তিগত উপায় খুঁজতে শুরু করি ।"তখন পরিকল্পনাকারীরা বুঝতে শুরু করে যে,এই ক্রমবর্ধমান জনসংখ্যা মোকাবিলায় শহরগুলিতে বড় ধরনের পরিকল্পনা প্রয়োজন। তখন এটি শহরগুলিতে গভীর প্রভাব ফেলেছিল। নগর-সচেতন পরিকল্পনাবিদদের আবির্ভাবের অর্থ হল শহরগুলি তাদের নিজস্ব মাস্টার প্ল্যান তৈরি করতে শুরু করে।
চীন , ভারত , মিশর , এশিয়া , ভূমধ্যসাগর এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার শহরগুলির ধ্বংসাবশেষগুলিতে পরিকল্পনার প্রমাণ পাওয়া গিয়েছে । পরিকল্পিত শহুরে উন্নয়নের দিকে প্রচেষ্টার প্রাথমিক উদাহরণগুলির মধ্যে রয়েছে সুশৃঙ্খল রাস্তার ব্যবস্থা যা রেকটিলিনিয়ার এবং কখনও কখনও রেডিয়াল; এছাড়া একটি শহরকে কোয়ার্টারে বিভক্ত করা; প্রাসাদ, মন্দির এবং নাগরিক ভবনের জন্য কেন্দ্রীয় স্থানগুলির উন্নয়ন; পানি সরবরাহের উন্নত ব্যবস্থা, এবং নিষ্কাশন। এসব কিছুর বেশিরভাগ প্রমাণ ছোট শহরগুলিতে রয়েছে যা তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে উপনিবেশ হিসাবে নির্মিত হয়েছিল।
এরপর কয়েক শতাব্দী ধরে মধ্যযুগে , ইউরোপের শহরগুলিতে খুব কম বিল্ডিং ছিল । অবশেষে শহরগুলি গির্জা বা সামন্ত কর্তৃত্ব, বিপণন বা বাণিজ্যের কেন্দ্র হিসাবে বেড়ে ওঠে। শহুরে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে, দেয়াল এবং দুর্গের কারণে সৃষ্ট সংকট জনাকীর্ণতা,বাতাস এবং আলোর ঘাটতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে।
ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় ক্ষেত্রেই, উনিশ শতকের মাঝামাঝি এবং শেষের দিকে শিল্পবিল্পবের সাথে ছিল দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, নিরপেক্ষ ব্যবসায়িক উদ্যোগ এবং উন্নয়নের অবাঞ্ছিত পরিণতি পরিচালনায় জনসাধারণের ব্যর্থতা। এই যুগে বিশাল বিস্তৃত শহরগুলি বিকশিত হয়েছিল, যা সম্পদের বিলাসিতা এবং দারিদ্র্যের অর্থহীনতাকে তীক্ষ্ণ সংমিশ্রণে প্রদর্শন করে । অবশেষে যুগের দুর্নীতি ও শোষণের জন্ম দেয় প্রগতিশীল আন্দোলন , নগর পরিকল্পনা যার একটি অংশ।
বস্তি , যানজট, বিশৃঙ্খলা, কুরুচিপূর্ণতা এবং রোগের সূচনা এমন প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল যেখানে স্যানিটেশনের উন্নতি ছিল প্রথম দাবি । পরের শতাব্দীতে প্রথম আবাসন সংস্কার ব্যবস্থা প্রণয়ন করা হয়। প্রাথমিক নিয়ন্ত্রক আইন (যেমন গ্রেট ব্রিটেনের ১৮৪৮ সালের 'পাবলিক হেলথ এ্যাক্ট 'এবং ১৮৭৯ সালের নিউইয়র্ক স্টেট টেনমেন্ট হাউস এ্যাক্ট) আবাসন নির্মাণের জন্য ন্যূনতম মান নির্ধারণ করে। এছাড়াও ১৮৯৩ সালের 'সিটি বিউটিফুল মুভমেন্ট' এবং ১৮৯৮ সালের 'গার্ডেন সিটি মুভমেন্ট ' নগর পরিকল্পনায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিংশ শতকের শুরুতে শহরগুলি দ্রুত সম্প্রসারিত হওয়ায় কারখানাগুলি যখন আবাসন এলাকা দখল করতে শুরু করে তখন এ সমস্যার সমাধান করতে 'জোনিং' এর আর্বিভাব ঘটে।
এভাবে নগর পরিকল্পনার সূচনার মাধ্যমেই আজ আমাদের শহরগুলি হয়েছে সুস্থ, সুন্দর এবং সহজ বাসযোগ্য।
আরও জানতে :
1. https://www.britannica.com/topic/urban-planning
2. https://www.bloomberg.com/news/articles/2012-08-24/a-brief-history-of-the-birth-of-urban-planning
3. https://www.environmentguide.org.nz/activities/land-use/a-brief-history-of-town-planning/
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
গ্রাফিক্সঃ Bipro Acharjee Bipro