একটি নতুন গবেষণায় দেখা গেছে যে, সানফ্রান্সিসকো এবং অন্যান্য নগর নগরায়নের মাত্রা বৃদ্ধির সাথে সাথে ডুবছে। এখানে ডুবছে কোনো রূপক অর্থে ব্যবহার করা হয়নি। উদাহরণস্বরূপ এ গবেষণায় নাইজেরিয়ার ক্রমবর্ধমান নগর "লাগোস" এর কথা বলা হয়েছে। যেখানে ধারণা করা হচ্ছে, প্রায় ১.৪ কোটি মানুষের জনসংখ্যা পরবর্তী তিন দশকের মধ্যেই দ্বিগুণ হবে । শহরটি বর্তমানে বছরে ০.০৭ থেকে ৩.৪৪ ইঞ্চি পর্যন্ত দেবে যাচ্ছে।
২০২০ সালের শেষের দিকে, সানফ্রান্সিসকো মিলেনিয়াম টাওয়ারকে কাত হওয়া এবং আরও মাটিতে দেবে যাওয়া থেকে রক্ষা করার জন্য ১০০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প শুরু হয়। গত এক দশকে এই ৫৮ তলা বহুতল ভবনটি ১৬ ইঞ্চির মত দেবে গেছে। তবে শুধু টাওয়ারগুলোই নয়, বিশ্বজুড়ে উপকূলীয় বড় বড় শহর দেবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এবং দেবে যাচ্ছেও।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগের একজন ভূমিকম্পবিদ, এই গবেষণার লেখক টম পার্সনস এর হিসাব অনুসারে সানফ্রান্সিসকোর দালানকোঠাগুলোর সম্মিলিত ওজন প্রায় ১.৬ মিলিয়ন কেজি, যা প্রায় তিন ইঞ্চির মতো ভূমি অবনমনের ঘটিয়েছে বলে তিনি মনে করেন। এই সংখ্যাগুলি গণনা করার জন্য, তার মডেল সানফ্রান্সিসকো বে এরিয়ার প্রতিটি বিল্ডিং এর উচ্চতা ও ভূমি সম্পর্কে জনসাধারণ থেকে পাওয়া ডাটা ব্যবহার করেছে এবং তাদের গঠন ও ভিতরে থাকা সামগ্রী গুলি সম্পর্কে বিস্তৃত অনুমান করেছে। এতে ভরের অন্যান্য উৎস যেমন রাস্তা, সেতু এবং অন্যান্য পাকা কাঠামো অন্তর্ভুক্ত করা হয়নি, এমনকি মানুষের ওজনও অন্তর্ভুক্ত করা হয়নি।
তবে, সানফ্রান্সিসকো অঞ্চলের দেবে যাওয়ার জন্য বিল্ডিংয়ের চাপই অনেক অবদান রাখে। ২০১৮ সালে, আগের একটি গবেষণায় বলা হয়েছিল সানফ্রান্সিসকো এর চারপাশের অঞ্চলগুলো বছরে প্রায় ০.০৭ ইঞ্চি করে ডুবে যাচ্ছে। কিছু অঞ্চল বছরে গড়ে প্রায় আধা ইঞ্চি দেবে যাচ্ছে। ২০৫০ সালের মধ্যে সমুদ্রের পানি প্রায় এক ফুট এবং এই শতাব্দীর শেষের দিকে তা প্রায় তিন ফুট বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে, এই অঞ্চল ব্যাপক বন্যার হুমকির মাঝে রয়েছে।
ভূগর্ভস্থ পানি উত্তোলন, ভাঙ্গন এবং টেকটনিক প্লেট স্থানান্তরিত হওয়ার মতো কারণগুলি ভূমি অবনমনের প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাছাড়া যেসব নগরের বিল্ডিংগুলি মাটির উপর নির্মিত, সেগুলো আরো সহজে দেবে যায়। টম পার্সনস এর গবেষণাটি সানফ্রান্সিসকো অঞ্চলে নগরায়ন কিভাবে ভূমি অবনমনে ভূমিকা রাখছে তা ব্যাখ্যা করে। পার্সনস যুক্তি দেখান যে, এই কারণটি নগরায়নের বৃদ্ধির কারণে সারাবিশ্বে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। অনুমান করা হয়, বিশ্বের জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ ২০৫০ সালের মধ্যে নগরে বসবাস করা শুরু করবে।
উন্নত শহরগুলিতে নগরায়নের প্রভাব থামানোর জন্য তেমন বেশি কিছু করা যায় না। যেমনঃ ইন্দোনেশিয়ায় ভূমি অবনমনের প্রভাব কমিয়ে আনার জন্য শেষ পর্যন্ত রাজধানী জাকার্তা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। কেননা এটি ইতিমধ্যেই বিশ্বের দ্রুততম দেবে যাওয়া মহানগর। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে শহরটি প্রতিবছর প্রায় ১০ সেন্টিমিটার দেবে যাচ্ছিল।
পরিশেষে বলা যায়, ভূমি অবনমন প্রতিরোধের একটি উপায় হতে পারে স্থাপনা বসানোর আগেই এ সম্পর্কে চিন্তা করা। অন্যথায়, শহরগুলি বড় হওয়ার সাথে সাথে এ ধরণের আরও সমস্যা সামনে আসতে পারে।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Main Article: https://www.bloomberg.com/news/articles/2021-02-23/big-buildings-can-cause-cities-to-sink-faster
গ্রাফিক্সঃ Khadiza Tull Khushbu