সাম্প্রতিক পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যানুযায়ী বার্সেলোনার 'সুপারব্লক' প্রকল্প বছরে ৬৬৭টি অকালমৃত্যু রোধ করতে ও গড়ে প্রায় ২০০ দিন আয়ু বৃদ্ধি করতে সক্ষম যা কিনা বাৎসরিক ১.৭ বিলিয়ন ইউরো আর্থিক খরচ বাঁচিয়ে দিবে।
বার্সেলোনা শহরে প্রস্তাবিত 'সুপারব্লক' প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বছরে ৬৬৭টি অকালমৃত্যু রোধ করা সম্ভব। এই ফলাফল অর্জনের মূল কারণগুলোর মধ্যে - বায়ুদূষণ (NO2), ট্রাফিকের মাধ্যমে সৃষ্ট শব্দদূষণ এবং তাপীয় নিঃসরণ কমে আসা প্রধান। এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল এবং বার্সেলোনা ইন্সটিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএস গ্লোবাল) এর সাম্প্রতিক পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে।
সুপারব্লক মডেলের মূল উদ্দেশ্য ছিল জনসমাগমের স্থানসমূহ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, এবং একইসাথে সবুজের পরিমাণ বৃদ্ধি করে বায়ুদূষণ কমিয়ে আনা। উক্ত ধারণা ধারণ করে সালভাদর রুয়েদা'র নেতৃত্বাধীন সংস্থা বিসিএন ইকোলজিয়া শহরজুড়ে ৫০৩টি সুপারব্লক তৈরির প্রাথমিক প্রস্তাব নিয়ে আসে। সুপারব্লক প্রকল্পের অধীনে পুনঃউন্নয়ন প্রকল্প গতিশীল করা হয় বার্সেলোনার ৬টি শহরে - Poblenou, Sant Antoni, Horta, Gràcia, Les Corts, এবং Sants.
বার্সেলোনার জনস্বাস্থ্য সংস্থা (এএসপিবি) এবং বিসিএন ইকোলজিয়া উক্ত নগর ও পরিবহন মডেলের পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের সর্বপ্রথম মূল্যায়ন করে এর স্বাস্থ্যখাতে প্রভাব নির্ণয় করে। স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে পর্যবেক্ষণ (এইচআইএ) নির্ণয় করার জন্য একদল বিজ্ঞানী পরিসংখ্যানিক মডেল ব্যবহার করেন। যার জন্য পাঁচটি বিষয়কে মাথায় রাখা হয় - বায়ুদূষণ (NO2), ট্রাফিক শব্দ দূষণ, শারীরিক কার্যক্রম, সবুজ স্থান, এবং তাপমাত্রা। প্রাপ্ত ফলাফলের সাথে লভ্য বৈজ্ঞানিক প্রমাণাদির তুলনার মাধ্যমে উক্ত পাঁচটি বিষয়ের মেলবন্ধন ঘটানো হয়, অতঃপর মৃত্যুহারের সাম্প্রতিক তথ্যাদির সাথে তুলনা করা হয়(এক্ষেত্রে প্রাকৃতিক কারণে মৃত্যুসমূহ গণনায় নেওয়া হয়নি)।
স্বাস্থ্য-উপকারিতা
সবথেকে গুরুত্বপূর্ণ উপকারিতা ছিল বায়দূষণ কমে আসা (যার ফলে ২৯১টি অকালমৃত্যু রোধ করা সম্ভব হয়েছে), দ্বিতীয়ত - ট্রাফিক শব্দদূষণ কমে আসা (যার ফলে ১৬৩টি অকালমৃত্যু রোধ করা সম্ভব হয়েছে), এবং তাপীয় নিঃসরণ প্রশমণ (যার ফলে ১১৭টি অকালমৃত্যু রোধ করা সম্ভব হয়েছে)।
প্রকল্পটির সঠিক ও সম্পূর্ণভাবে বাস্তবায়ন সম্ভব হলে বাৎসরিকভাবে ২৪% নাইট্রোজেন-ডাই-অক্সাইডজনিত দূষণ কমে আসবে (প্রতি ঘনমিটারে ৪৭ মাইক্রোগ্রাম থেকে ৩৬ মাইক্রোগ্রামে নেমে আসবে), যার মাধমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সর্বোচ্চ ৪০ মাইক্রোগ্রাম/ প্রতি ঘনমিটার নিশ্চিত করাও সম্ভব হবে।
ট্রাফিক শব্দদূষণ ৫৪ ডেসিবল থেকে ৫১ ডেসিবলে নেমে আসায় দূষণ ৫.৪% কমিয়ে আনা সম্ভব হবে। ব্যক্তিগত ইঞ্জিনচালিত গাড়ি ব্যবহারও ১১ লাখ ৯০ হাজার ট্রিপ থেকে ২ লক্ষ ৩০ হাজার ট্রিপ কমানো হয়। এক্ষেত্রে বিকল্প হিসেবে কর্মদিবসগুলোতে সাইকেল চালানো বা পায়ে হাঁটাকে উৎসাহিত করা হয়। এর জন্য সড়ক দুর্ঘটনাও কমে আসে এবং ৩৬টি অকালমৃত্যু কম হয়।
সবুজায়নের ক্ষেত্রে যদিও সম্পূর্ণ শহরের জন্য পর্যাপ্ত তথ্যাদি পাওয়া সম্ভব হয়নি তবে বিজ্ঞানীরা ধারণা করেছেন শুধুমাত্র Eixample ডিস্ট্রিক্টেই সবুজায়নের কারণে বছরে ৬০টি অকালমৃত্যু এড়ানো সম্ভব হবে। সবুজ-স্থান নগরস্বাস্থ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ, বিশেষত বার্সেলোনার মত ঘনবসতিসম্পন্ন এবং স্থান সংকটে ভোগা নগরের জন্য। এছাড়াও বর্তমানে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রাখলেও এটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নাতালি মুলার, আইএস গ্লোবাল এর গবেষক এবং উক্ত পর্যবেক্ষণের প্রধান, বলেন, "এটা মাথায় রাখা গুরুত্বপূর্ণ যে আমাদের উপস্থাপনকৃত তথ্যাদির কিছু সীমাবদ্ধতা থাকলেও স্বাস্থ্যসেবার উন্নয়নে নগর পরিকল্পনা এবং পরিবহনব্যবস্থার ক্ষেত্রে এই সুপারব্লকের বেশ তাৎপর্য রয়েছে।"
তিনি আরও বলেন, "আমাদের পর্যবেক্ষণ এটা প্রমাণ করে যে জনস্বাস্থ্যকে কেন্দ্রে রেখে সুপারব্লক মডেলের বাস্তবায়নের মাধ্যমে বেশ তাৎপর্যমূলক ফলাফল পাওয়া সম্ভব, এছাড়াও এটি বর্তমান মডেলের থেকে ক্ষতিকর প্রভাব দূরীকরণেও সক্ষম। বার্সেলোনার সুপারব্লক এবং অন্যান্য প্রয়োজনীয় সমসাময়িক পরিকল্পনা প্রয়োজন যার মাধ্যমে পরিবেশের মানোন্নয়ন করে জলবায়ু পরিবর্তন এড়ানো সম্ভব হবে। গাড়িকেন্দ্রিক নগর পরিকল্পনা মডেল থেকে সরে এসে মানুষকেন্দ্রিক নগর পরিকল্পনা করা এখন অতীব প্রয়োজন।"
আরো জানতেঃ
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
গ্রাফিক্সঃ Anika Nurin