AI প্রযুক্তিতে আন্তর্জাতিক সাফল্য; তরুণদের দক্ষ করতে তিতুমীরের শিক্ষার্থী বাবলা মিয়ার উদ্যোগ!
অনলাইন ডেস্ক
প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস প্রতিবেদক | SNN News BD
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি এবং আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারে সাফল্য অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সরকারি তিতুমীর কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. বাবলা মিয়া (নিক্সন)। বিশ্বমানের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম Fiverr-এ ‘Top Rated Seller’ হিসেবে স্থান করে নেওয়ার পাশাপাশি বিশ্বের ৭০টিরও বেশি দেশের ক্লায়েন্টদের ১,০০০-এর বেশি সফল প্রজেক্ট সম্পন্ন করেছেন তিনি।
সরেজমিনে ও তথ্যসূত্রে জানা যায়, ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি তিনি বৈশ্বিক স্বনামধন্য সুইডিশ অটোমোবাইল ও ইঞ্জিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘Scania Engines’-এর সাথে AI Engineer হিসেবে চুক্তিভিত্তিক কাজ করছেন। গত এক বছরে তার পরিচালিত AI Agency থেকে প্রায় ৫০,০০০ মার্কিন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
তরুণদের কর্মসংস্থান ও এআই প্রশিক্ষণ কার্যক্রম:
কেবল নিজের সাফল্যেই সীমাবদ্ধ থাকেননি বাবলা মিয়া। তার পরিচালিত এজেন্সিতে বর্তমানে ৮ জন উদীয়মান তরুণের কর্মসংস্থান তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে AI-এর ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে তিনি বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের প্রযুক্তিমুখী করতে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছেন।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো—বাস্তবমুখী কাজের ক্ষেত্রে এআই-এর সঠিক প্রয়োগ, আধুনিক টুলসের ব্যবহার এবং ফ্রিল্যান্সিং বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া।
এ বিষয়ে মো. বাবলা মিয়া (নিক্সন) জানান, "ভবিষ্যৎ কর্মসংস্থানের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করবে এআই। আমাদের দেশের তরুণদের যদি এখনই এই প্রযুক্তিতে দক্ষ করে তোলা যায়, তবে তারা বৈশ্বিক বাজারে নেতৃত্ব দিতে পারবে।"