শহিদ দিবসে প্রীতি বিতর্ক
যে ভাষার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে বিতার্কিক সমাজ, তার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ভাষা শহিদদের। তাই নওগাঁ কৃষ্ণধন স্কুল বিতর্ক ক্লাব ভাষা শহিদদের স্মরণে ও বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে গত ২১শে ফেব্রুয়ারী, ২০২৩ তারিখে একুশে পরিষদ কর্তৃক আয়োজিত একুশে বইমেলার মঞ্চে শুদ্ধ বাংলায় একটি প্রীতি বিতর্কের আয়োজন করে। উক্ত প্রীতি বিতর্কে মুখোমুখি হয় নওগাঁ কৃষ্ণধন স্কুল বিতর্ক ক্লাব ও নওগাঁ জিলা স্কুল বিতর্ক ক্লাব। প্রতি দলে ৩ জন নিয়ে এশিয়ান সংসদীয় পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের নির্ধারিত বিষয় ছিল "এই সংসদ মনে করে বর্তমান প্রজন্ম একুশের চেতনাকে ধারণ করতে ব্যর্থ।" মোঃ আহনাফ আমিন, ইসরাফিল ইসলাম ও উদয় রায় বিষয়টির পক্ষে আয়োজক ক্লাবকে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে আমন্ত্রিত ক্লাবকে প্রতিনিধিত্ব করে সিমন শাহী, রুবাইয়াত আদনান ও ফারহান সাদিক। উক্ত বিতর্কে বিচারকের ভূমিকা পালন করেন নওগাঁ কৃষ্ণধন স্কুল বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কৌশিক সাহা, প্রতিষ্ঠাতা সহ সভাপতি প্লাবন গোস্বামী ও নওগাঁ জিলা স্কুল বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহি মওলা মৃধা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উভয় ক্লাবের মডারেটরগণ ও উভয় বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ। এছাড়াও নওগাঁর নানা প্রান্তের বিতার্কিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ বিতর্ক এক সুন্দর চেতনা ছড়িয়া দিতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, নওগাঁর প্রথম কোনো প্রাতিষ্ঠানিক ক্লাব হিসেবে একুশে ফেব্রুয়ারিতে প্রীতি বিতর্ক আয়োজন করে দৃষ্টান্ত তৈরি করে নওগাঁ কৃষ্ণধন স্কুল বিতর্ক ক্লাব।