EXPLAINER
News | Opinion
প্রযুক্তি নির্ভর বিশ্বে কেমন হবে আগামীর অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম?
বিশ্বাস, প্রযুক্তি আর পাঠক-কেন্দ্রিকতা—এই তিন স্তম্ভেই গড়ে উঠবে আগামী দিনের সংবাদ প্ল্যাটফর্ম।
মাহমুদুল হাসান আশিক:
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৭: ৫১
অনলাইন ভিত্তিক সংবাদপত্র শুধু তথ্য নয়, হয়ে উঠছে জনমত গঠনের প্রধান শক্তি।
বর্তমান ডিজিটাল বিপ্লবের যুগে সংবাদ মাধ্যমের রূপান্তর এক অবশ্যম্ভাবী বাস্তবতা। ছাপা পত্রিকা ও টেলিভিশনের একচেটিয়া প্রভাবকে পেছনে ফেলে আজকের বিশ্বে অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যমই হয়ে উঠেছে তথ্যের মূল উৎস।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও এই পরিবর্তনের ছোঁয়া স্পষ্ট। কিন্তু প্রশ্ন হলো, ভবিষ্যতের অনলাইন সংবাদমাধ্যম কেমন হবে? কীভাবে একটি সংবাদ মাধ্যম যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়ে উঠবে টেকসই, বিশ্বাসযোগ্য এবং জনমুখী এক প্ল্যাটফর্মে?
এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব, কেমন হওয়া উচিত আগামীর অনলাইন ভিত্তিক গণমাধ্যম এবং কীভাবে তা জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে।
অনলাইন সংবাদমাধ্যমের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা
একবিংশ শতাব্দীর তথ্যপ্রযুক্তিনির্ভর সমাজে সংবাদ মাধ্যম শুধুমাত্র খবর পরিবেশনের একটি মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে সামাজিক পরিবর্তনের এক প্রধান চালিকা শক্তি। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের সহজলভ্যতার ফলে এখন যে কেউ, যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সংবাদ গ্রহণ করতে পারেন।
এ সুযোগকে কাজে লাগিয়ে অনলাইন সংবাদমাধ্যমকে হতে হবে আরও গতিশীল, দায়বদ্ধ ও বহুস্তরীয়।
একটি ভবিষ্যতনির্ভর অনলাইন প্ল্যাটফর্ম: ‘সকল সংবাদ’ উদাহরণ
ধরা যাক একটি উদ্ভাবনী অনলাইন প্ল্যাটফর্ম ‘সকল সংবাদ’-এর কথা, যার মূল উদ্দেশ্য হলো মানুষের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বাস্তবতা তুলে ধরা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গড়ে উঠতে পারে একটি নির্ভরযোগ্য ও টেকসই গণমাধ্যম কাঠামো, যা হবে প্রযুক্তি ও নৈতিক সাংবাদিকতার মিশ্রণ।
বিশ্বাসযোগ্যতার ভিত্তি
একটি অনলাইন ও মাল্টিমিডিয়া নির্ভর পত্রিকার বিশ্বাসযোগ্যতার ভিত্তি স্থাপন করা অত্যান্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক, সামাজিকভাবে দায়বদ্ধ এবং প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জন ও ধরে রাখা পত্রিকাটির সর্বোচ্চ অগ্রাধিকার।
১. সত্যনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশন করা। আমাদের সাংবাদিকতা নির্ভর করে তথ্য যাচাই, উৎসের বিশ্বাসযোগ্যতা এবং প্রামাণ্য রিপোর্টিংয়ের ওপর। প্রতিটি খবর প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই করা হয় যাতে কোনো ভুল বা গুজব না ছড়ায়।
২. জনগণের তথ্য জানার অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সংবাদের মূল উদ্দেশ্য জনগণকে জানানো। তাই আমরা এমন সব সংবাদ পরিবেশন করি যা সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করে।
৩. বৈচিত্র্যময় কনটেন্ট: ফিচার, অনুসন্ধানী প্রতিবেদন, মতামত, পডকাস্ট ও ভিডিও প্রতিবেদন তৈরী করা। পাঠকের বিভিন্ন ধরণের চাহিদা পূরণে আমরা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করি। গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদন থেকে শুরু করে মতামতধর্মী লেখনী, পডকাস্ট ও ভিডিওর মাধ্যমে আমরা তথ্যকে আরও সহজবোধ্য ও গ্রহণযোগ্য করে তুলি।
৪. সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক সাংবাদিকতাই হতে হবে মূল লক্ষ্য। সাংবাদিকতার নৈতিকতা মেনে এবং কোনো প্রকার বিদ্বেষ, ভুয়া তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে। সামাজিক ইস্যুতে সংবেদনশীলতা বজায় রেখে কাজ করতে হবে। কনফ্লিক্ট অর্থাৎ দ্বন্দ্ব বা ওয়ার অর্থাৎ যুদ্ধকে সমর্থন করে এমন সাংবাদিকতা করা যাবে না। সাংবাদিকতা করতে হবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। যাকে বলা হয় পিস জার্নালিজম।
৫. প্রযুক্তির কার্যকর ব্যবহার করতে হবে। বিশ্বমানের প্রযুক্তি ও ডিজিটাল টুলস ব্যবহার করে সংবাদ সংগ্রহ, সম্পাদনা এবং পরিবেশন করতে হবে। এতে খবর দ্রুত পৌঁছালেও মান বা নির্ভুলতায় কোনো ছাড় দেওয়া হয় না।
৬. সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপডেট দেওয়া। সর্বদা সময়োপযোগী থাকার চেষ্টা করতে হবে। চলমান ঘটনা, জরুরি খবর এবং দ্রুত বদলে যাওয়া পরিস্থিতি সম্পর্কে পাঠককে দ্রুত ও নির্ভরযোগ্য আপডেট দিতে হবে।
৭. সব বয়সের পাঠকের জন্য উপযোগী কনটেন্ট তৈরী করতে হবে। কনটেন্ট পরিকল্পনায় তরুণ, প্রবীণ এবং বিভিন্ন শ্রেণির পাঠকের চাহিদা বিবেচনায় নিতে হবে। এর ফলে প্রতিটি শ্রেণি কনটেন্টে আস্থা রাখবে।
৮. খোলামেলা মত প্রকাশের সুযোগ দিতে হবে। বিশ্বস্ত মতামত বিভাগে নানা মত ও বিশ্লেষণ প্রকাশের সুযোগ দেওয়া হয়। এতে গণতান্ত্রিক আলোচনা ও মতভেদকে উৎসাহিত করা হয়, যা গণমাধ্যমের মুক্তচিন্তার পরিচায়ক।
কী ধরনের কনটেন্ট হবে ভবিষ্যতের চাবিকাঠি?
১. ব্রেকিং নিউজ: দ্রুত এবং সত্য যাচাই করা সংবাদ পরিবেশন।
২. ফিচার ও অনুসন্ধানী প্রতিবেদন: গভীর বিশ্লেষণ ও অপ্রকাশিত তথ্য উন্মোচন।
৩. পডকাস্ট ও ভিডিও: ভিজ্যুয়াল মাধ্যমের মাধ্যমে তথ্য উপস্থাপন।
৪. ব্যাখ্যামূলক আর্টিকেল: কী, কেন ও কিভাবে ধরনের বিশ্লেষণ অর্থাৎ পাঠক-শ্রোতা-ব্যবহারকারীদের জানা-অজানা বিভিন্ন জিজ্ঞাসাকে প্রশ্নের উত্তরের মতো করে কন্টেন্ট বানানো।
৫. তথ্য যাচাই (Fact Check): গুজব ও মিথ্যা তথ্যের বিপরীতে সত্য তুলে ধরা।
৬. মতামত ও উপসম্পাদকীয়: চিন্তাশীল পাঠকের জন্য বিশ্লেষণধর্মী লেখা।
এসইও কৌশল: পাঠকের কাছে পৌঁছানোর উপায়
যেকোনো অনলাইন মাধ্যমের টিকে থাকার জন্য এসইও (SEO) অপরিহার্য। কীওয়ার্ড রিসার্চ এর জন্য Google Trends ও Ahrefs ব্যবহার করে প্রাসঙ্গিক শব্দ চিহ্নিত করে এসইও বান্ধব প্রতিবেদন তৈরী করা। এসইও-বান্ধব শিরোনাম তৈরী করা। এরজন্য ৩৫ থেকে ৫৫ অক্ষরের মধ্যে মূল কীওয়ার্ড যুক্ত করে আকর্ষণীয় শিরোনাম দেওয়া যেতে পারে।
সাবহেডিং ও অনুচ্ছেদে প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করতে হবে। যেন যে কেউ রিলেটেড কোন টপিকে সার্চ করলে কন্টেন্টটি তাঁর সামনে উপস্থাপিত হয়। ইন্টারনাল লিংকিং ও ফিচার-কেন্দ্রিক প্রশ্নোত্তর আকারে লেখা প্রকাশ করলে এর ফল ভালো হতে পারে। এসব কৌশল অনুসরণ করে ভবিষ্যতের সংবাদমাধ্যম শুধু পাঠকের কাছে পৌঁছাবে না, বরং পাঠক ধরে রাখতেও সক্ষম হবে।
সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি: প্ল্যাটফর্মভেদে উপস্থাপন
প্রতিটি প্ল্যাটফর্মের আলাদা আলাদা মিয়ম-নীতি রয়েছে। যেমন ফেসবুকে ফটোকার্ড, লাইভ, মতামত ও রিলসের মাধ্যমে সংবাদ পরিবেশন করা যায়। ইনস্টাগ্রামে রিল, ফটোকার্ড ও ইনফোগ্রাফিক্সের মাধ্যমে সংবাদ প্রচার করা যেতে পারে। এক্সে সংক্ষিপ্ত আপডেট ও ব্রেকিং নিউজ দেওয়া যায়। ফটোকার্ডও ব্যবহার করা যাবে।
আবার ইউটিউবে ফটোকার্ডের পাশাপাশি শর্টস, সাক্ষাৎকার, ডকুমেন্টারি ও পডকাস্ট করা যাবে। এরকমভাবে প্রতিটি সোশ্যালমিডিয়া ভিত্তিক প্লাটফর্মে কনটেন্টকে সঠিকভাবে অপ্টিমাইজ করে প্রকাশ করা যেতে পারে।
মাল্টিমিডিয়া সাংবাদিকতা: দ্রুততা ও বাস্তবতার মিশেল
আগামী দিনের সংবাদমাধ্যমে সাংবাদিকতার চেহারা পাল্টে যাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে মাল্টিমিডিয়া ও ভিডিও সাংবাদিকতা। এখন আর বিশাল ক্যামেরা সেট-আপ কিংবা সময়সাপেক্ষ এডিটিংয়ের প্রয়োজন পড়ে না; এক হাতে মোবাইল ফোনেই পুরো রিপোর্টিং সম্ভব হচ্ছে। একজন সাংবাদিক এখন মোবাইল ফোন দিয়ে মাঠে গিয়ে তাৎক্ষণিক ভিডিও ধারণ করতে পারছেন, প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করে খুব দ্রুত তা প্রকাশও করতে পারছেন। এটি শুধু সময় বাঁচায় না, পাঠক বা দর্শককে সঙ্গে সঙ্গেই ঘটনার বাস্তব চিত্র তুলে ধরার সুযোগ করে দেয়।
কিভাবে করা হয় মাল্টিমিডিয়া সাংবাদিকতা?
ভিডিও রিপোর্টিং, লাইভ সম্প্রচার, কিংবা জরুরি পরিস্থিতিতে সরাসরি আপডেট—সবকিছুই এখন মোবাইল ফোনের মাধ্যমে সহজ হয়ে গেছে। এ কাজে জনপ্রিয় হয়েছে ক্যাপকাট বা ইনশট-এর মতো মোবাইল অ্যাপ্লিকেশন, যেগুলোর সাহায্যে সাংবাদিকরা সহজেই ভিডিও কাট, মিউজিক, সাবটাইটেল, ও ইফেক্ট যুক্ত করতে পারছেন। এছাড়া, সাধারণ মানুষের মতামত জানার জন্য জনমতের ভিডিও নেওয়া এবং তা সংক্ষেপে উপস্থাপন করাও এই ধারার একটি বড় দিক। রাস্তাঘাটে, বাজারে বা যেকোনো জনসমাগমে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে সহজেই মানুষের প্রতিক্রিয়া ধারণ করা যাচ্ছে। একইসঙ্গে, তাৎক্ষণিক সাক্ষাৎকার নেওয়া ও পরিবেশন করাও সহজ হয়েছে।
মাল্টিমিডিয়া সাংবাদিকতা কেন গুরুত্বপূর্ণ?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিজ্যুয়াল স্টোরিটেলিং—অর্থাৎ ভিডিও এবং ছবির মাধ্যমে একটি গল্প বলার কৌশল এখনকার দর্শক-মনস্তত্ত্বের সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ। মানুষ এখন কেবল পড়তে চায় না, তারা দেখতে ও অনুভব করতেও চায়।
তাই মাল্টিমিডিয়া বা ভিডিও সাংবাদিকতা কেবল দ্রুততার দিক থেকেই নয়, বরং তথ্যের বাস্তবতা ও বিশ্বাসযোগ্যতা উপস্থাপনের দিক থেকেও এক নতুন মাত্রা যোগ করছে।
পডকাস্ট কী?
এক কথায়, গল্প বলার নতুন প্ল্যাটফর্ম। ডিজিটাল যুগে মানুষ শুধু চোখ নয়, কান দিয়েও তথ্য ও গল্প জানতে চায়। আর এই চাহিদার জায়গা থেকেই পডকাস্ট হয়ে উঠছে অনলাইন সাংবাদিকতার এক নতুন, জনপ্রিয় এবং শক্তিশালী মাধ্যম। এটি শুধু একটি অডিও কনটেন্ট নয়, বরং গল্প বলার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শ্রোতা তার পছন্দ অনুযায়ী সময় নিয়ে সংবাদ, বিশ্লেষণ কিংবা মতামত শুনতে পারে।
অনলাইন গণমাধ্যমের পডকাস্টে যা থাকবে:
আগামী দিনের অনলাইন গণমাধ্যমে পডকাস্ট থাকবে মূল স্তম্ভ হিসেবে। এখানে বিষয়ভিত্তিক কনটেন্ট তৈরি করার সুযোগ থাকে, যা শ্রোতার আগ্রহ অনুযায়ী সাজানো যায়। যেমন, একটি পডকাস্টে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ তুলে ধরা যেতে পারে, আবার আরেকটি পর্বে রাজনৈতিক বা অর্থনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করা হতে পারে। এমনকি, বিশেষ কিছু পডকাস্টে স্থানীয় বা আঞ্চলিক কমিউনিটির মানুষদের কণ্ঠস্বর তুলে ধরে সমাজের নানা দিকও আলোচিত হতে পারে।
পডকাস্টের ফরম্যাট রয়েছে চমৎকার বৈচিত্র্য। কখনো পুঙ্খানুপুঙ্খভাবে লেখা স্ক্রিপ্ট অনুসরণ করে একটি পর্ব সাজানো হয়, আবার কখনো বন্ধুসুলভ কথোপকথনের মাধ্যমে তথ্য উপস্থাপন করা হয়। কোনো পডকাস্ট একক পর্বে শেষ হয়, আবার কোনোটি ধারাবাহিকভাবে একাধিক পর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করে। কেউ কেউ সম্পাদিত ও মসৃণ কনটেন্ট পছন্দ করে, কেউ আবার বাস্তব সময়ের কাটছাঁট ছাড়াই আড্ডামুখর পডকাস্ট শুনতে ভালোবাসে।
এই বৈচিত্র্য ও নমনীয়তাই পডকাস্টকে করে তুলেছে গণমাধ্যমের নতুন যুগের উপযোগী প্ল্যাটফর্ম। কারণ, এটি নানা শ্রোতার ভিন্ন ভিন্ন চাহিদা পূরণ করতে পারে—কখনো বিশ্লেষণ, কখনো আবেগ, কখনো গল্প। পডকাস্ট হচ্ছে সেই ‘শ্রাব্য সংবাদমাধ্যম’, যা নীরবভাবে মানুষের মনের গভীরে গল্প পৌঁছে দেয়।
সংবাদ মাধ্যম যেভাবে উপার্জন করে এবং টিকে থাকে
একটি সংবাদমাধ্যম শুধু তথ্য পরিবেশন করলেই চলবে না, সেটিকে আর্থিকভাবে টিকিয়ে রাখাও জরুরি। কারণ, গণমাধ্যমের স্বাধীনতা ও মান ধরে রাখতে হলে তার নিজস্ব আয়ের ভিত্তি শক্ত হওয়া প্রয়োজন। আর এই আয় নির্ভর করতে পারে বিভিন্ন উৎসের ওপর, যেগুলো যুগোপযোগী, ডিজিটাল এবং পাঠক-নির্ভর।
বর্তমানে অনলাইন পত্রিকার অন্যতম জনপ্রিয় আয়ের উৎস হলো গুগল এডসেন্স, যা ওয়েবসাইটে প্রদর্শিত বিজ্ঞাপনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আয় করে দেয়। একইভাবে ফেসবুক ও ইউটিউবের ভিডিও কনটেন্ট থেকেও বিজ্ঞাপন আকারে একটি উল্লেখযোগ্য আয় আসে। ভিডিও যদি নিয়মিত ও মানসম্পন্ন হয়, তাহলে দর্শকসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই আয়ের পরিমাণও বৃদ্ধি পায়।
গণমাধ্যমের আয়ের আরেকটি উপায় হলো স্পনসরড কনটেন্ট—যেখানে নির্দিষ্ট ব্র্যান্ড বা প্রতিষ্ঠান তাদের বার্তা পাঠকের কাছে পৌঁছাতে চায় একটি নির্দিষ্ট পেইড ফরম্যাটে। তবে এই কনটেন্টে সাংবাদিকতার মান বজায় রাখা জরুরি, যাতে পাঠকের আস্থা অটুট থাকে।
এছাড়া সাবস্ক্রিপশন ও প্রিমিয়াম নিউজলেটার এখন অনেক পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে, বিশেষ করে যারা নির্ভুল ও গভীর বিশ্লেষণমূলক কনটেন্ট খোঁজেন। তারা কিছু অর্থ ব্যয় করে নির্দিষ্ট কিছু প্রিমিয়াম কনটেন্ট পেতে আগ্রহী হন, যা পত্রিকার নিয়মিত আয়কে আরও নির্ভরযোগ্য করে তোলে।
এছাড়া, পডকাস্ট স্পনসরশিপ এবং ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট—এই দুটি উপায়ও অনলাইন নির্ভর সংবাদমাধ্যমের জন্য খুব কার্যকর। পডকাস্টে কোনো পণ্যের বার্তা শুরুর দিকে বা মাঝখানে তুলে ধরার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো পছন্দের শ্রোতাদের কাছে পৌঁছাতে পারে, আর সংবাদমাধ্যম পায় নির্দিষ্ট স্পনসর অর্থ।
এই বহুমুখী আয়ই একটি সংবাদমাধ্যমকে স্বাধীন, নিরপেক্ষ এবং টেকসইভাবে পরিচালিত করার পথ দেখায়। আর্থিক নিরাপত্তা থাকলে সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারেন, পাঠকও পান মানসম্মত কনটেন্ট। তাই সংবাদমাধ্যমের ভবিষ্যৎ নির্ভর করছে শুধু পাঠকের আস্থার ওপর নয়, বরং এর সঠিক আর্থিক কাঠামোর ওপরও।
আগামীর অনলাইন সংবাদমাধ্যম ভবিষ্যতে কেবল খবরের বাহকই নয়, বরং জনগণের মতামত, স্বপ্ন ও প্রতিবাদের প্ল্যাটফর্ম হয়ে উঠবে। ডিজিটাল প্রযুক্তি, নৈতিক সাংবাদিকতা এবং পাঠককেন্দ্রিক কনটেন্টের সমন্বয়ে গড়ে উঠবে এমন এক সংবাদমাধ্যম, যা গণতান্ত্রিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও দায়বদ্ধতা নিয়ে পরিচালিত হলে এমন অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশের সাংবাদিকতা জগতে নতুন মানদণ্ড স্থাপন করতে পারবে—যেখানে “তথ্যই শক্তি, এবং জনগণের কণ্ঠই হবে সর্বশক্তিমান”।