হ্যাঁ, ঠিকই শুনছেন। ঘনাদা আজও আছেন। তবে বনমালী নস্কর লেনের বাড়িতে নয়, তাঁকে পাবেন কলেজ স্ট্রিট বইপাড়ায়—এক নতুন অবতারে। তিনি এতদিন গৌর–শিশিরদের মেসে বিনাপয়সায় অনেক চা–টা–সিগারেট খেয়েছেন, এবার তিনি নিজেই আপামর আড্ডাপ্রিয় বাঙালিদের চা ও টা খাওয়ানোর পরিষেবা দিতে নিজেই উপস্থিত হয়েছেন—সম্ভবত নিজের পুরোনো ঋণ শোধ করতেই। দোকানের নাম শুনেই বুঝতে পারছেন মালিকের নাম 'ঘনাদা'। আর পোশাকি নাম? অবশ্যই ঘনশ্যাম দাস। একটুও বানিয়ে বা বাড়িয়ে বলছি না, বিশ্বাস করুন। তাঁর ভালোনাম শুধু নয়, 'ঘনা' ডাকনামটিও তাঁর মা-বাবারই দেওয়া।
ঘনাদা আগে কাজ করতেন সূর্য সেন স্ট্রিটেরই খ্যাতনামা ফেভারিট কেবিনে। কিন্তু বিশ্বমারীকালীন সময়ে হঠাৎ করে সেই কেবিনের ঝাঁপ বন্ধ হয়ে যাওয়ায় রোজগার বন্ধ হয়ে যায় ঘনাদা-সহ সমস্ত কর্মচারীদের। তারপর ২০২৩–২৪ নাগাদ নিজের অভিজ্ঞতাকে পুঁজি করে ঘনাদা এই গলিতে একটা ছোট্টো ঘর ভাড়া নিয়ে খুলে ফেললেন এই 'ঘনাদা-র চায়ের দোকান'। প্রসঙ্গত জানিয়ে রাখি, বাড়িওয়ালা শান্তনু বসুমল্লিক কলকাতার বিখ্যাত বনেদি পরিবারের সন্তান। রাজা সুবোধচন্দ্র বসুমল্লিক শুধু নন, পাশের দুটি গলি যাঁদের নামে সেই রাধানাথ ও শ্রীগোপাল মল্লিকও এই পরিবারেরই পূর্বপুরুষ। দোকানের পাশেই আছে বসুমল্লিক পরিবারের স্থাপিত ভারততীর্থ শিশুশিক্ষালয়।
এখন এই দু-তিন বছর পর বেশ রমরমিয়েই চলছে তাঁর এই ছোট্টো চায়ের দোকানটি। দৈনিক প্রায় ২৫০ লোক সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে বসে আড্ডা-সহযোগে চা-টা খান। তবে বাইরের পরিবেশ খুব-একটা পরিচ্ছন্ন নয়, বরং ইট-পাথরের আবর্জনায় বেশ এবড়োখেবড়ো হয়ে আছে, নর্দমার জলও গড়িয়ে আসে তাতে। এই আবর্জনার ওপরেই তিনটি বেঞ্চ পাতা হয়েছে গ্রাহকদের বসার জন্য। আমরা ঘনাদা ক্লাবের পক্ষ থেকে একটু সৌন্দর্যায়ন করতে চাই দোকানের বহিরঙ্গের।